আগামী ১০ ফেব্রুয়ারি সৌদি আরব যাওয়ার কথা ছিল মাহতাব করিম সিদ্দিকীর (২৪)। স্বজন ও বন্ধু-বান্ধবদের ছেড়ে যাওয়ার আগে কয়েক দিন ঘুরেফিরে কাটাতে চেয়েছিলেন। তাই বন্ধু ইমরুল হাসানকে (২২) নিয়ে বেড়াতে গিয়েছিলেন চট্টগ্রামের পতেঙ্গার নেভাল বিচে। ফেরার পথে নগরের কাস্টমস ব্রিজ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুই প্রাণ হারান।
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহতাব নগরের ফিরিঙ্গিবাজার এলাকার মৃত ইউনূস সিদ্দিকীর ছেলে। আর ইমরুল হাসান সরকারি কমার্স কলেজে স্নাতকের ছাত্র। আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইমরুল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া একটি কাভার্ড ভ্যান কাস্টমস ব্রিজের ওপর ওঠার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটানাস্থলেই মাহতাব মারা যান। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফিরিঙ্গিবাজারের বাসায় মায়ের সঙ্গে থাকতেন মাহতাব। তাঁরা এক ভাই এক বোন। মাহতাব ছোট। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছিলেন মা নূরুনেছা সিদ্দিকী। গতকাল বিকেলে বাসায় গিয়ে দেখা যায়, মরদেহ বাসার সামনে একটি গাড়িতে রাখা। মাহতাবের বড় বোন স্বামীসহ সৌদি আরবে থাকেন। দুই বছর আগে এইচএসসি পাস করা মাহতাবকে তাঁদের কাছেই পাঠানো হচ্ছিল। তাঁর খালাতো ভাই আরাফাত ইসলাম বলেন, ‘সৌদি আরব যাওয়ার দিনক্ষণ ঠিক হয়েছিল। এখন দুনিয়া থেকেই চলে গেল। কীভাবে যে আমার খালা বাঁচবেন বুঝতে পারছি না।’
মাহতাবের বন্ধু ইমরুলের বাড়িতে চলছে কান্নার রোল।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পারভেজ ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরাফাত ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।