সৌদি আরবে কাজ হারানো আরও ৩০ জন ফিরছেন
সৌদি আরবের দাম্মামের সাদ কোম্পানি থেকে কাজ হারানো আরও ৩০ বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরে আসছেন। এর আগে ওই কোম্পানি থেকে ২৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার আজ বুধবার রাতে প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসবেন।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান মাস দু-এক আগেই অবশ্য এই কোম্পানির দুরবস্থার কথা জানিয়েছিলেন। তিনি প্রথম আলোকে জানান, সাদ গ্রুপে ১৭০ জন বাংলাদেশি কাজ করতেন। কিন্তু কোম্পানির অব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে ৬৩ জন চাকরি ছেড়ে দেশে চলে আসার সিদ্ধান্ত নেন। এর মধ্যে দুই ধাপে ২৫ জন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার আরও ৩০ জন ফিরবেন।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে অনেক কোম্পানিতে কাজ বন্ধ হচ্ছে। বিশেষ করে নির্মাণ সংস্থাগুলো শ্রমিকদের হঠাৎ করে ছাঁটাই করছে। মাসের পর মাস বেতন না হওয়ায় অনেকে সৌদি আরব ছেড়ে দেশে চলে গেছেন। এর আগে সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানির একটি সৌদি ওজারের প্রায় দেড় হাজার বাংলাদেশি বেতন না পেয়ে নানা সংকটে পড়েন। ওই কোম্পানিটির মালিক লেবাননের প্রয়াত প্রধানমন্ত্রী রফিক হারিরি। ২০০৫ সালে তাঁর মৃত্যুর পর বড় ছেলে সাদ হারিরি কোম্পানির দায়িত্ব নেন। আর্থিক দুরবস্থা শুরু হওয়ায় আট মাস ধরে প্রতিষ্ঠানটি কর্মীরা বেতন পাচ্ছিলেন না। ফলে প্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার বিদেশি কর্মী সংকটে পড়েছেন। তাঁদের মধ্যে জেদ্দা, দাম্মাম ও রিয়াদে অন্তত দেড় হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন।
সৌদি ওজারের নিরাপত্তা শাখায় কর্মরত মোখলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই কোম্পানিতে যাঁরা আছেন, তাঁদের অধিকাংশই ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছেন। কিন্তু গত বছর নভেম্বর থেকে কর্মীদের বেতন দিতে পারছে না কর্তৃপক্ষ। দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। অনেকের খাবারও জুটছে না।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, এই বাংলাদেশিদের সাময়িক অসুবিধা দূর করার জন্য মন্ত্রণালয় থেকে সৌদি আরবে ৫৩ লাখ টাকা পাঠানো হয়েছে।
সৌদি ওজারের দুরবস্থা নিয়ে বিবিসি, সিএনএন, আরব নিউজ, গালফ নিউজ, সৌদি গেজেটসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এসব খবরে বলা হয়েছে, সৌদি ওজারের পরিচালক ফরিদ শাকের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পারেননি। ফলে মরুভূমির বিভিন্ন ক্যাম্পে এশিয়ার শ্রমিকদের দুরবস্থার মধ্যে দিন কাটছে। বিভিন্ন বেসরকারি সংস্থা তাঁদের খাবার দিচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। অনেক বিদেশি শ্রমিক বিক্ষোভ করছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সম্প্রতি টুইটারে ভারতীয় কর্মীদের খাবার না পাওয়ার কথা লিখে উদ্বেগ প্রকাশ করেছিলেন।