সৌদি আরবে কাজ হারানো আরও ৩০ জন ফিরছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের দাম্মামের সাদ কোম্পানি থেকে কাজ হারানো আরও ৩০ জন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরে আসছেন। এর আগে ওই কোম্পানি থেকে আরও ২৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার বলেন, ১৭ নভেম্বর (আজ) রাত নয়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ৩০ জন ফিরে আসবেন।

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান মাস দুয়েক আগেই অবশ্য সাদ কোম্পানির দুরবস্থার কথা জানিয়েছিলেন। দূতাবাসের তথ্য অনুযায়ী, সাদ গ্রুপে ১৭০ জন বাংলাদেশি কাজ করতেন। কোম্পানির অব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে ৬৩ জন চাকরি ছেড়ে দেশে চলে আসার সিদ্ধান্ত নেন। এর মধ্যে দুই ধাপে ২৫ জন দেশে ফিরেছেন। আজ আরও ৩০ জন ফিরবেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদি আরবে অনেক কোম্পানিতে কাজ বন্ধ হচ্ছে।

আফগানিস্তান থেকে ফিরছেন ২৫ জন: আফগানিস্তানের হেরাত প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি ইস্পাত কারাখানার ২৫ জন বাংলাদেশি শ্রমিককে আজ দেশে ফেরত আনছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও)। তাঁরা সেখানে মানবেতর জীবন যাপন করছিলেন।