সৌদি আরবে মারা যাওয়ার ৬ মাস পর লাশ পেল পরিবার
সৌদি আরবে বোমা হামলায় নিহত হওয়ার ছয় মাস পর এক বাংলাদেশি শ্রমিকের লাশ দেশে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিমানবন্দরে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।
ওই শ্রমিকের নাম অহিদ মিয়া (৪৯)। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নে বরুচর গ্রামে। সৌদি আরবের একটি হাসপাতালে ৭ জানুয়ারি তিনি মারা যান। এক যুগ ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। অহিদ মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটায় অহিদ মিয়ার লাশ গ্রহণ করেছে তারা। বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে বেলা দেড়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অহিদ মিয়ার লাশ এসে পৌঁছে। তাঁর ছোট ছেলে রাশেদ হোসেন বলেন, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সৌদি সরকারের খরচে তাঁর বাবার লাশ বাংলাদেশে আনা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লাশ দাফনের জন্য গতকাল তাঁদের ৩৫ হাজার টাকা দেওয়া হয়।