সৌদি আরবে সড়ক দুর্ঘটনা, চার বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার দুই পরিবারের চার বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি কেশবপুর পৌর শহরের ভোগতি এলাকায়।

নিহতরা হলেন: আব্বাস আলী (৪০) ও তাঁর স্ত্রী রেহেনা পারভিন (২৫) এবং শিউলি বেগম (৩৪) ও তাঁর ছেলে ওমর আলী (১৪)।
নিহত আব্বাসের বাড়ি কেশবপুর পৌর শহরের ভোগতি এলাকায়। দশ বছর ধরে তিনি সৌদি আরবে ছিলেন। এক মাস আগে তাঁর স্ত্রী রেহানা ও মেয়ে প্রীতি সৌদি আরবে যান।
আব্বাসের বড় বোন জোহরা বেগম আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবে ওমরাহ হজ শেষে একটি মাইক্রোবাসযোগে মক্কা থেকে রিয়াদ ফিরছিলেন আব্বাস। মাইক্রোবাসে স্ত্রী রেহানা ও মেয়ে প্রীতি ছাড়াও শিউলি, তাঁর স্বামী সাইফুল ইসলাম, ছেলে ওমর ও মেয়ে শারমিনও ছিলেন। অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই চারজন নিহত হন। আহত হন সাইফুল, তাঁর মেয়ে শারমিন ও আব্বাসের মেয়ে প্রীতি। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্বাসের বোন জোহরা বলেন, নিহত শিউলির বাড়িও কেশবপুরের ভোগতি এলাকায়। পরিচিত হওয়ায় একইসঙ্গে ছিলেন তাঁরা।
কেশবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েদ মোমেন মজুমদার বলেন,পারিবারিক সূত্রে তিনি চারজনের মৃত্যুর খবর পেয়েছেন। তবে সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি।