সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে কাতিফ পৌরসভার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার আবদুল করিমের দুই ছেলে শহিদুল ও বাবুল, পটুয়াখালীর রফিকুল ইসলাম এবং ভোলার রানা শাহবুদ্দিন। ঠিকানাসহ বিস্তারিত তথ্য না পাওয়া অন্য দুজন হলেন আবদুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম ও আবু বকরের ছেলে শরিফ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিহ টেলিফোনে ইউএনবিকে বলেন, তাঁরা ছয়জনের নিহত হওয়ার খবর পেয়েছেন এবং নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, ওই দুর্ঘটনায় সাইফুল নামের আরেক বাংলাদেশি আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ মিশনের কর্মকর্তারা বিস্তারিত জানতে দুর্ঘটনাস্থলে গেছেন।

প্রথম আলোর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ছয় বাংলাদেশির মধ্যে একজন রফিকুল ইসলাম ওরফে বাচ্চু হাওলাদারের (৩৭) বাড়ি বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের দক্ষিণ কেশবপুর গ্রামে। তাঁর বাবার নাম নূর মোহাম্মদ হাওলাদার। রফিকুল দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন লাভলু এ তথ্য জানিয়েছেন।