সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবে গত রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সৌদি আরবের দাম্মামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহত মামুনের পরিবারের সদস্যরা।
নিহত তরুণের নাম আল মামুন (১৮)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মামুনের বড় ভাই আল আমিন বলেন, তাঁদের বাবা কৃষক। পরিবারের অভাব দূর করার জন্য পড়ালেখা বন্ধ করে তিনি সৌদি আরব যান। বিদেশে যাওয়ার জন্য তাঁর বাবার সব জমি বিক্রি করে দেওয়া হয়। দাম্মাম শহরে একটি খাবারের দোকানে মামুনের চাকরি হয়।
আল আমিন আরও বলেন, রোববার রাতে সৌদি আরব থেকে বাচ্চু মিয়া নামে তাঁর এক স্বজন মুঠোফোনে জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মামুন দুর্ঘটনায় মারা গেছেন। কাজ শেষে বাসায় ফিরতে অফিসের গাড়িতে ওঠার জন্য মামুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে চাপা দেয়।