সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক তরুণ সৌদি আরবের মদিনা শহরে গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি সেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
ওই তরুণের নাম জাহিদুল ইসলাম (২৫)। তিনি মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম উচ্চমাধ্যমিক পাসের পর ২০১৪ সালের মার্চে মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনার জন্য সৌদি আরবে যান। গত সোমবার রাতে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের পাশের মসজিদে এশার নামাজ পড়তে যান। নামাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে গাড়িচাপায় তিনি নিহত হন। গতকাল মঙ্গলবার ভোরে তাঁর গ্রামের বাড়িতে এ খবর পৌঁছায়। সেখানে এখন মাতম চলছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিবেশীরা জাহিদুলের বাড়িতে ভিড় করছেন। স্বজনেরা কান্নাকাটি করছেন।
জাহিদুলের বাবা মো. সুরুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তোমরা আমার জাহিদুলকে আইনে দাও?’