সৌদি আরবের রিয়াদে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের রিয়াদে আসবাব তৈরির একটি কারখানায় গত সোমবার রাতে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে নয়জনই বাংলাদেশি৷ অন্য দুজন ভারতীয় শ্রমিক৷ সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, রিয়াদের শিফা সানাইয়া এলাকায় তিতাস ফার্নিচার নামের আসবাব তৈরির ওই কারখানায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। তখন কারখানায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ও দুজন ভারতীয়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়৷
তবে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় লাশগুলো শনাক্ত করা যায়নি। এ দুর্ঘটনা থেকে চারজন বাংলাদেশি শ্রমিক রক্ষা পেয়েছেন। তাঁরা অক্ষত আছেন।
আগুন থেকে রক্ষা পাওয়া মানিকগঞ্জের আবদুল হান্নানের বরাত দিয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মো. মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে সাতজনের বাড়ি কুমিল্লায়। তাঁরা হলেন মো. জালাল উদ্দিন, আবদুল গাফফার, বাহা উদ্দিন, শাহ আলম, নাজির হোসেন, মো. সেলিম ও মতিউর রহমান। অন্য দুজন হলেন ফেনীর জাকির হোসেন ও মাদারীপুরের শিবচরের মো. আক্কাস।
আগুনের হাত থেকে বেঁচে যাওয়া অন্য তিনজন বাংলাদেশি শ্রমিক হলেন দুলাল, রাজু ও মাসুদ। তাঁদের সবার বাড়ি কুমিল্লায়।
মিজানুর রহমান আরও জানান, মরদেহগুলো স্থানীয় সমোচি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ শনাক্ত করার পর দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হবে।
প্রবাসীদের দেখভাল করার দায়িত্বে থাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. জিয়াউল হক জানান, সৌদি আরবে নয়জন বাংলাদেশির মারা যাওয়ার বিষয়টি তাঁরা জেনেছেন। এ ব্যাপারে সেখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন। আনুষ্ঠানিকতা শেষ করে যত দ্রুত সম্ভব লাশ দেশে আনা হবে।
নয়জনের মধ্যে পাঁচজনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া গেছে। বাহা উদ্দিনের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার চাঁদেরচর গ্রামে। বাবা ইসমাইল হোসেন। একই গ্রামের সেলিম, বাবার নাম জানা যায়নি। মতিউর রহমানের বাড়ি হোমনার কলাগাছিয়ায়, বাবা আবদুল করিম। জালালের বাড়ি তিতাস উপজেলার দুলারমপুর গ্রামে। তিনি রুস্তম আলীর ছেলে। একই উপজেলার কালিপুর গ্রামের হবি মিয়ার ছেলে শাহ আলম।
গাজীউল হক ও আবদুর রহমান, তিতাস (কুমিল্লা) থেকে জানান, সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া সাত শ্রমিকের বাড়ি কুমিল্লার বিভিন্ন এলাকায়৷ বাড়িগুলোতে চলছে স্বজনহারাদের মাতম৷
তিতাস উপজেলার দুলারামপুরসংলগ্ন চানপুর গ্রামের জালাল (৩৫) পাঁচ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। ওই সময়ে তাঁর স্ত্রী সকিনা আক্তার দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে তিনি মেয়েশিশুর জন্ম দেন। ওই শিশুকে দেখে যেতে পারেননি জালাল।
হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের যুবক বাহা উদ্দিন (২৬) দেড় বছর আগে সৌদি আরব যান৷ বাহাউদ্দিন ১৪ মাস বয়সের ছেলের মুখ দেখার সুযোগ পাননি৷ একই গ্রামের সেলিম (৩৫) গিয়েছিলেন ১৬ মাস আগে। তিনিও ১০ মাস বয়সের ছেলের মুখ দেখে যেতে পারেননি।
শাহ আলমের (৩০) বাড়ি তিতাস উপজেলার কালিপুর গ্রামে। গত ৯ জানুয়ারি তিনি পাশের কাশিপুর গ্রামের রুমি আক্তারকে বিয়ে করেন। বিয়ের ৪০ দিন পরই সৌদি আরবে যান।
নাজিরের (২৭) বাড়ি তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামে৷ তিনি ২০০১ সালে সৌদি আরবে যান। নাজিরের মা জুলেখা কেবলই কাঁদছেন।
মেঘনা উপজেলার শিবনগর গ্রামের আবদুল গাফফার। রোববার সকাল ১০টায় মা সেতারা বেগমের (৫০) সঙ্গে শেষ কথা হয় তাঁর৷ হোমনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মতিউর (৩০) সৌদি আরব যান দুই বছর আগে৷ ছেলেকে হারিয়ে তাঁর বাবা আবদুল করিম ও মা দেলোয়ারা বেগম পাগলপ্রায়। মতিউরের স্ত্রী রাশিদা আক্তার ছেলে রাকিব (৭) ও মেয়ে মৃত্তিকাকে (৪) নিয়ে শোকে পাথর৷
আমাদের শিবচর (মাদারীপর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাট গ্রামের আক্কাস (৪৫) দুই বছর আগে সৌদি আরব যান। তাঁর স্ত্রী জাহানারা আক্তার দুই সন্তান নিয়ে ঢাকায় থাকেন। মেয়ে লাবণী আক্তারের বিয়ে হয়েছে কিছুদিন আগে। ছোট ছেলে জাকির খান পড়ে মাদ্রাসায়।
ফেনীর জাকির হোসেন সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত জানা যায়নি৷