সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল শনিবার পিরোজপুরের চাঁদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রাম, পিরোজপুরসহ দেশের কয়েকটি স্থানে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: জেলার অর্ধশত গ্রামে প্রায় ৫০ হাজার মানুষ ঈদ উদ্যাপন করেছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী: জেলার চার উপজেলার ২২ গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার গতকাল শনিবার ঈদ উদ্যাপন করেছে। সকাল ১০টায় সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা: শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত পৌর মিলনায়তনে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার তালা, কলারোয়া, আশাশুনি ও সদর উপজেলার ১০-১২টি গ্রামের মানুষ এই জামাতে অংশগ্রহণ করেন। ঈদের নামাজ পড়তে আসা সাতক্ষীরা শহরের বাসিন্দা রবিউল ইসলামসহ কয়েকজন জানান, তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
ভোলা: বোরহানউদ্দিন উপজেলার চারটি, তজুমদ্দিন উপজেলার তিনটি, লালমোহন উপজেলার দুটি এবং চরফ্যাশনের একটি—এই ১০ গ্রামের প্রায় চার হাজার মানুষ ঈদ উদ্যাপন করেছে। সকাল সাড়ে নয়টায় বোরহানউদ্দিন উপজেলার কাঁচিয়া গ্রামে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার ৩০ গ্রামে ঈদ উদ্যাপন করা হয়েছে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ ও চন্দনাইশ উপজেলার জাঁহাগীরিয়া দরবার শরিফ মাঠে ভক্ত ও অনুসারীরা সকালে ঈদের নামাজ আদায় করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): উপজেলার বাড়বকুল ও বাঁশবাড়িয়া ইউনিয়নের শতাধিক পরিবার ঈদ উদ্যাপন করেছে। সকাল নয়টায় রহমতের পাড়া গ্রামে জাহাঁগিরিয়া জামে মসজিদে ঈদের জামাত হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের পাঁচ শতাধিক পরিবার ঈদ উদ্যাপন করেছে। সকাল সাড়ে আটটায় সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকারবাড়ী ও নয়টায় কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জমাদ্দার তাঁর ইউনিয়নের ছয় গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
মৌলভীবাজার: সকাল সোয়া ছয়টায় শহরের সার্কিট হাউস এলাকার একটি বাসার ছাদে অর্ধশতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গলসহ কয়েকটি স্থানে গতকাল ঈদ উদ্যাপন করা হয়েছে।