সৌদি জোটে যোগ দিলে হুমকির আশঙ্কা সৃষ্টি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের নেতৃত্বে ৩৪ দেশের সন্ত্রাসবিরোধী নতুন জোটে যোগ দেওয়ার কারণে বাংলাদেশে আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর হুমকির আশঙ্কা সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের নেতৃত্বে ৩৪ মুসলিম দেশের নতুন এই জোটে যোগ দিতে রাজি বলে জানায়।
সন্ত্রাসবিরোধী এই জোটে যোগ দিলে বাংলাদেশ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের হামলার ‘লক্ষ্যবস্তু’ হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযান আমাদের জন্য নতুন নয়। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে অনেক দেশই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কিন্তু আমরা পেরেছি।’
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।