সৌদি জোটে যোগদানের বিষয়ে জানতে চাইলেন আশরাফ
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশ নেওয়া প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
সৈয়দ আশরাফ বৈঠকে বলেন, এ ধরনের জোটে যেতে হলে তা জাতীয় সংসদে অনুমোদন নিতে হয়। কিন্তু পত্রিকায় দেখলাম বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। বৈঠক উপস্থিত একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে তাঁরা কেউ পরিচয় প্রকাশ করতে চাননি।
জানা গেছে, সৈয়দ আশরাফের জিজ্ঞাসার জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, এটি কোনো সামরিক জোট নয়, এটি সন্ত্রাসবিরোধী একটি কেন্দ্র। তা ছাড়া বিষয়টি এখনো সেই অর্থে চূড়ান্ত হয়নি। বৈঠকে একজন মন্ত্রী বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে ওআইসির সদস্য দেশ হওয়ার পরও ইরানসহ কয়েকটি দেশ যোগ দেয়নি। অথচ বাংলাদেশ যোগ দিয়েছে।
একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—এই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাসী।
সম্প্রতি সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে ৩৪টি মুসলিম দেশের নতুন একটি সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গত ডিসেম্বরে এক বিবৃতিতে জানায়, সৌদি আরব রিয়াদে সন্ত্রাসবিরোধী একটি কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন জুবায়ের ওই কেন্দ্রে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে অনুরোধ জানান। সৌদি আরবের ওই উদ্যোগে বাংলাদেশ যুক্ত হতে রাজি হয়েছে। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের ‘ন্যূনতম ছাড় না দেওয়ার’ নীতির আলোকে অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশ ওই কেন্দ্রে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্য সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি নেতৃত্বাধীন ৩৪টি মুসলিম দেশের সামরিক জোটে যুক্ত হতে রাজি হয়েছে বাংলাদেশ।