সৌদি জোটের ভবিষ্যৎ সংশয়ে
মুসলিমপ্রধান ৩৪টি দেশকে নিয়ে সন্ত্রাসবিরোধী জোটের ঘোষণা দেওয়ার পরপরই সৌদি আরবের এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, এই জোটের সুদূরপ্রসারী লক্ষ্য ও কর্মপ্রক্রিয়া স্পষ্ট নয়। তার ওপর কোনো কোনো দেশ এই জোটে নিজেদের অন্তর্ভুক্তির তথ্যই অস্বীকার করেছে।
এমন এক পরিস্থিতিতে সৌদি উদ্যোগে বাংলাদেশের এত দ্রুত সাড়া দেওয়ার যৌক্তিকতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে বাংলাদেশ বলছে, সামরিক কোনো জোটে নয়, দেশ সন্ত্রাসের বিরুদ্ধে একটি কেন্দ্রে যুক্ত হয়েছে মাত্র।
ঢাকা ও রিয়াদের একাধিক কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদ, বিশেষ করে মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে মুসলিম বিশ্ব কিছুই করছে না—এমন একটি অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। সৌদি আরবও বেশ কিছুদিন ধরে প্রমাণ করতে চাইছে, তারা উগ্রবাদীদের ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে, সামনে থাকছে। সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে সামরিক অভিযান শুরুর পর সেখানে বিষফোড়ার মতো ছড়িয়ে পড়েছে গোষ্ঠীদাঙ্গা। ইয়েমেন নিয়ে সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরুর আগে সেখানে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সৌদি আরবের নতুন সামরিক জোট অনেককে সন্দিহান করে তুলেছে।
জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সৌদি আরবের সন্ত্রাসবিরোধী উদ্যোগকে আমরা সমর্থন জানিয়ে রিয়াদে একটি কেন্দ্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছি। পাশাপাশি এ উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের কাছে জানতে চেয়েছি।’ তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় দলিল সই হয়ে থাকে। কাজেই এখানেও বাংলাদেশের জন্য বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করার সুযোগ থাকছে।
সৌদি আরবে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এক জ্যেষ্ঠ কূটনীতিক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ৩৪ জাতির ওই জোটে ইরান, ইরাক, আফগানিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশের না থাকাটা প্রশ্নের জন্ম দেয়। শিয়া-অধ্যুষিত ইরান ও ইরাককে সৌদি আরবের সঙ্গে না নেওয়াটা বোধগম্য হলেও তা হতাশার জন্ম দেয়। শিয়া-অধ্যুষিত দেশকে জোট থেকে বাদ দেওয়ার মানে হচ্ছে, সন্ত্রাসবাদ দমনের চেয়ে ইরানের সঙ্গে গোষ্ঠীগত সংঘাতের মুখোমুখি হওয়াটা সৌদি আরবের কাছে মুখ্য।
টাইমস অব ইন্ডিয়ার উপসম্পাদকীয়তে রুদ্রনীল ঘোষ সৌদি উদ্যোগের সমালোচনা করে লিখেছেন, রিয়াদে প্রস্তাবিত জোটে ইরান এবং তাঁর ঘনিষ্ঠ দুই দেশ সিরিয়া ও ইরাককে রাখা হয়নি। এ পরিস্থিতিতে সুন্নি মুসলিম দেশগুলোর সামরিক জোট গোষ্ঠীদাঙ্গাকে আরও উসকে দেবে। বর্তমানে ইরাক, সিরিয়া ও ইয়েমেন—এই তিন দেশকে সংঘাতের তিনটি বড় ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।
সৌদি দৈনিক আরব নিউজ-এর গতকালের এক প্রতিবেদনেও বলা হয়েছে, সৌদি জোটে যোগ দিতে হলে ইরানের রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন আনতে হবে।
তবে সৌদি উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা সৌদি জোট কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় আছে বলেও জানিয়েছে। প্রসঙ্গত, ইয়েমেনে গৃহযুদ্ধের পর চলতি বছর দেশটিতে সৌদি আরবের নেতৃত্বাধীন নয়টি আরব দেশের সামরিক অভিযান ‘অপারেশন ডিসাইসিভ স্টর্মে’ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওই অভিযানে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন।
সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সন্ত্রাসবিরোধী এই জোটের ভবিষ্যৎ সংশয়ে পড়েছে। তা ছাড়া এই জোট কী করবে, সেটাই যখন স্পষ্ট নয়, তখন এতে বাংলাদেশের যোগ দেওয়াটা একটু তাড়াহুড়া বলে মনে হচ্ছে।
মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস-এর গতকাল বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানকে জোটে আমন্ত্রণ জানানো হলেও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটি। আর মালয়েশিয়া বলেছে, সৌদি আরব তাদের জোটের সদস্য দাবি করলেও তারা এ সম্পর্কে কিছুই জানে না। একই কথা ইন্দোনেশিয়ারও।
এদিকে পাকিস্তান শুরুতে জোটে থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে জোটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। গত বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ওই জোটে পাকিস্তান যোগ দিয়েছে। তবে ওই জোটের বিভিন্ন পদক্ষেপের সঙ্গে যুক্ত হতে এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য পাকিস্তান অপেক্ষায় আছে।
এদিকে ইয়েমেনে অস্ত্রবিরতির জন্য সুইজারল্যান্ডে গত মঙ্গলবার থেকে শান্তি আলোচনা শুরু হয়েছে। অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হলে বর্তমানে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের শরিকেরা হয়তো আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সুযোগ পাবে। যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে জোটের সেই সুযোগ থাকবে না। শান্তি আলোচনা শুরুর আগে ইয়েমেনে ব্যাপক সংঘাতের কারণে অস্ত্রবিরতির ভবিষ্যৎ নিয়ে অনেকের সংশয় রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সৌদি আরব নিজেই সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। তাদের নেতৃত্বে জোটে যাওয়া কতটা সংগত হয়েছে, সেটা সরকারই ভালো বলতে পারবে। এর কারণে সন্ত্রাসী হামলার বাইরে বাকি যে দেশগুলো আছে, সেখানে সন্ত্রাস চলে যায় কি না, তা-ও ভেবে দেখার বিষয়।’
নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহী সামরিক এই জোটের নেতৃত্ব সৌদি আরবের হাতে থাকার বিপক্ষে মত দিয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জোটের নেতৃত্ব জাতিসংঘ কিংবা ওআইসির হাতে থাকলে কেউ প্রশ্ন তুলত না। কিন্তু সৌদি আরবের নিজস্ব মতাদর্শের কারণে জোটটি কোনোভাবে কার্যকর হলেও তা শেষ পর্যন্ত শিয়া-সুন্নির সংঘাতে মুখ থুবড়ে পড়ে কি না, সেই আশঙ্কা থাকছে। ইয়েমেনের অভিজ্ঞতার পর এমন ভাবনা অমূলক নয়। তিনি বলেন, বাংলাদেশ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়ে সংসদে ও সংসদের বাইরে আলোচনা করতে পারত।
মধ্যপ্রাচ্যে কর্মরত সাবেক কয়েকজন কূটনীতিক এ প্রতিবেদককে বলেন, আইএসবিরোধী সামরিক জোটে যোগ দেওয়ার অনুরোধ বাংলাদেশ এত দিন এড়িয়ে চলছিল। এমনকি যুক্তরাষ্ট্রের অনুরোধেও সাড়া দেয়নি সরকার। তাই এই মুহূর্তে সৌদি উদ্যোগে যোগ দেওয়ার সিদ্ধান্তে নতুন ঝুঁকি তৈরি হলো কি না, তা ভবিষ্যৎই বলে দেবে।