সৌদি জোটের সামরিক অভিযানে যাবে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস দমনে সৌদি আরবের প্রতি সর্বাত্মক সমর্থন থাকলেও কোনো ধরনের সামরিক অভিযানে জড়াবে না বাংলাদেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশে সামরিক অভিযানে বাংলাদেশ অংশ নেবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এ অবস্থানের কথা সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেরকে জানিয়েছেন। গত মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য দিল্লি থেকে ঢাকা সফরে আসেন আদেল আল-জুবের। এ সময় তিনি বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। এরপর রিয়াদ ফিরে যান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মূলত বাংলাদেশের সঙ্গে সৌদি সম্পর্ক জোরদারের বিষয়টি মুখ্য ছিল আদেল আল-জুবেরের সংক্ষিপ্ত সফর। তিনি সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশন শেষে ভারত ও বাংলাদেশে সংক্ষিপ্ত সফর করেন। দিল্লি সফরের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দুই দেশের সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন আদেল আল-জুবের। সন্ত্রাসবাদ প্রসঙ্গটি আলোচনায় এলে খুব স্বাভাবিকভাবেই আসে গত বছরের ডিসেম্বরে ঘোষিত সৌদি নেতৃত্বাধীন ৩৪-দেশের সন্ত্রাসবিরোধী জোটের কথা। এ সময় আদেল খুব স্পষ্ট করেই বলেন সন্ত্রাসবিরোধী ওই উদ্যোগে দুটি ধাপ থাকবে। সমন্বিতভাবে সন্ত্রাসবাদ দমনের জন্য তথ্য আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের গবেষণার জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আবার সামরিকভাবে সন্ত্রাসবাদ দমনের জন্য ৩৪-সদস্যের জোট কাজ করবে। নির্দিষ্ট করে সামরিক উদ্যোগ কিংবা গবেষণায় যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো দেশকে চাপ দেওয়ার পক্ষপাতী নয় সৌদি আরব। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনের জন্য কেন্দ্রে যোগ দেবে। কোনো সামরিক উদ্যোগে যুক্ত হবে না।
আদেল আল-জুবের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, এ বছরের দ্বিতীয়ার্ধে তাঁর দেশের জনগণ রিয়াদে স্বাগত জানানোর অপেক্ষায় আছে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে।