সৌদিতে গোলায় দুই বাংলাদেশি কর্মীসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন থেকে ছোড়া গোলার আঘাতে সৌদি আরবে দুই বাংলাদেশিসহ ছয়জন বিদেশি কর্মী আহত হয়েছেন। আহত অপর চারজনের মধ্যে তিনজন ভারতীয় ও একজন নেপালি নাগরিক। স্থানীয় সিভিল ডিফেন্সের মুখপাত্রের বরাত দিয়ে রোববার সৌদি বার্তা সংস্থা এ খবর জানায়।
নজরান ওয়াটার কারখানায় এ গোলা আঘাত হানে। এতে কারখানাটিতে আগুন ধরে গেলেও তা নিভিয়ে ফেলা হয়েছে। গোলার আঘাতে ওই কারখানার প্রাঙ্গণ ও এর আশপাশে দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িও বিধ্বস্ত হয়। সৌদি টেলিভিশন আল-আরাবিয়ার খবরে বলা হয়, ইয়েমেনের সীমান্ত-সংলগ্ন জাজান প্রদেশের আল-তুয়াল শহরের মিউনিসিপ্যাল ভবনের সামনে রোববার সকালে কয়েকটি গোলা এসে পড়ে।