বাংলাদেশ থেকে শ্রমিকসহ সব ধরনের কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। সাত বছর পর সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় গত বুধবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘বাংলাদেশ থেকে রিক্রুটমেন্টের চ্যানেলটি উন্মুক্ত হওয়া আমাদের জন্য একটি বড় খবর।’ তিনি বলেন, গত বছরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার ফলে বাংলাদেশ থেকে সৌদিতে গৃহপরিচারিকা পাঠানো হয়।
বাংলাদেশের দূত রিয়াদ থেকে টেলিফোনে বাসসকে বলেন, এ সিদ্ধান্তের ফলে সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানির একটি বিশাল বাজার উন্মুক্ত হবে। বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ শ্রমিক, নির্মাণশ্রমিক ও চিকিৎসক, নার্স, শিক্ষক, কৃষকসহ বিভিন্ন পেশাজীবী এবং সব ধরনের শ্রমিকের সৌদি আরবে যাওয়ার পথ সুগম হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি আরব গতকাল থেকে তাদের কম্পিউটার খোলা রেখেছে এবং এখন সৌদি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য আবেদন করবে। এই সুযোগে যাতে বাংলাদেশের কোনো অসৎ জনশক্তি রপ্তানি এজেন্সি ঢুকে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি নস্যাৎ করে দিতে না পারে, সে জন্য কঠোর মনিটরিংয়ের পরামর্শ দেন গোলাম মসিহ।
বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সুফল হিসেবেই বাংলাদেশিদের নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে সৌদি আরবে কর্মরত ১৩ লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে প্রায় ৬০ হাজার নারী গৃহকর্মী রয়েছেন। পুরুষ গৃহকর্মীদের ভিসা জুন থেকে ইস্যু শুরু হয়েছে এবং উল্লেখযোগ্যসংখ্যক পুরুষ গৃহকর্মী সৌদি আরবে আসছেন।
প্রথম আলোর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই দেশটি বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার দরজা খুলেছে। গতকাল দুপুরে রাজশাহী সিটি করপোরেশন চত্বরে সামাজিক বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, কয়েক বছর ধরে শুধু গৃহকর্মী ছাড়া অন্য কোনো পেশার জনশক্তি নেয়নি সৌদি আরব। সব পেশার জনশক্তি রপ্তানি করতে বাংলাদেশ দীর্ঘ সময় থেকেই সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। অবশেষে বুধবার দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে সব পেশার জনবল নেওয়ার সিদ্ধান্ত নেয়।