সৌদিতে বাংলাদেশি পুরুষ গৃহকর্মীদের ভিসা দেওয়া স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে অবিবাহিত পুরুষ গৃহকর্মী নিয়োগের জন্য ভিসা দেওয়া সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। পরিবর্তে অন্য দেশের নাগরিকদের মধ্য থেকে এ রকম কর্মী নেওয়ার জন্য আগ্রহী লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

বাংলাদেশ বাদে অন্যান্য দেশ থেকে পুরুষ গৃহকর্মী নিয়োগের জন্য অনুমোদন পেতে হলেও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদন এবং আবেদনকারী ব্যক্তির বৈবাহিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে। এ ক্ষেত্রে শুধু গাড়িচালক, গৃহকর্মী ও নার্স পদে অবাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।

সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খলিল বলেন, অবিবাহিত নারী বা পুরুষের বাসায় বাংলাদেশি অবিবাহিত পুরুষ গৃহকর্মী নিয়োগের সুযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। অন্যান্য দেশের শ্রমিকদের অগ্রাধিকার দিতেই এটা করা হয়েছে।

বাংলাদেশি অবিবাহিত পুরুষ গৃহকর্মীদের নিয়োগ দিতে আগ্রহী অবিবাহিত কয়েকজন গৃহকর্তা বলেছেন, তাঁদের আবেদন বারবার বাতিল হয়ে যাচ্ছে। বলা হচ্ছে, অন্য দেশের কর্মী নিতে।

আট বছর বন্ধ থাকার পর গত বছর বাংলাদেশি পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগ আবার চালু করার অনুমতি দিয়েছিল সৌদি আরব।