সৌদিতে বাংলাদেশিরা মালিকানা পরিবর্তন করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে কর্মরত ১৮ বছরের ওপরের যেকোনো বাংলাদেশি এখন থেকে তাঁদের মালিকানা ও চাকরি পরিবর্তন করতে পারবেন। সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকিহকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি গত রোববার এ খবর জানায়। খবর সৌদি গেজেটের।
সৌদি শ্রমমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা তোলা হচ্ছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে রোববার বলা হয়, সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার আবার উন্মুক্ত হচ্ছে।
আদেল ফাকিহ বলেন, ‘বেসরকারি খাতে আমাদের শ্রমবাজারে বেশ ঘাটতি আছে। এ ছাড়া গৃহকর্মী ও ড্রাইভারদের ঘাটতিও আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তারা কেবল প্রশিক্ষিত শ্রমিক পাঠাবে। এর পাশাপাশি তারা সৌদি আরবের আইন-কানুন কঠোরভাবে মেনে চলবে। এসব বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পরই শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।’
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সহকারী মন্ত্রী আহমেদ এফ আল-ফাহায়েদ বাংলাদেশ দূতাবাসকে জানান, সৌদি আরবের সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের একটি দল এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ সফর করবে। শ্রমিক নেওয়ার পদ্ধতিগুলো ঠিক করতেই তাদের এই সফর হবে।