সৌদিতে মিলিত হতে পারে জিয়া পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর একসঙ্গে সৌদি আরবে মিলিত হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা। এ মাসের শেষের দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ পরিবারের অন্য সদস্যরা সেখানে ওমরাহ পালন করবেন বলে দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে।
তবে ঢাকায় বিএনপির দপ্তর থেকে কেবল খালেদা জিয়ার সৌদি আরব সফরের কথা নিশ্চিত করে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য ২০ জুলাই সৌদি আরবে যাবেন খালেদা জিয়া। সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে প্রতিবছরের মতো এবারও তিনি ওমরাহ পালন করবেন। একই সময়ে লন্ডন থেকে তারেক রহমান ও মালয়েশিয়া থেকে কোকোর স্ত্রী-সন্তানসহ সৌদি আরবে আসার সম্ভাবনা রয়েছে।
ওমরাহ পালনের পাশাপাশি মদিনায় মসজিদ-ই-নববিতে এতেকাফ করবেন বিএনপির চেয়ারপারসন। ২৭ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ওমরাহ শেষে তারেক রহমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এবং কোকো মালয়েশিয়ায় ফিরে যাবেন বলে জানা গেছে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ছোট ভাই কোকো গ্রেপ্তার হন। পরে খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৭ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক। একইভাবে কোকো যান থাইল্যান্ডে। ২০০৭ সালের পর জিয়া পরিবারের সব সদস্য আর একসঙ্গে মিলিত হননি। অবশ্য লন্ডনে একবার তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার দেখা হয়েছিল। আরেক ছেলে কোকোর সঙ্গে ব্যাংককে একবার দেখা হয়। কোকো অবশ্য পরবর্তী সময়ে গোপনে ব্যাংকক ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। তাঁরা দুই ভাই-ই কয়েকটি মামলায় অভিযুক্ত আসামি। আদালতের নথিতে তাঁরা পলাতক আসামি। এর মধ্যে কোকো একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত।