সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
সৌদি আরবের আল লিথ শহরের কাছে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন৷ আহত হয়েছেন এক বাংলাদেশি৷ গত রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের গোপীনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ইয়াসিন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শান্তিনগর গ্রামের আবদুল মজিদের ছেলে আবদুল হালিম, কুমিল্লার নাঙ্গলকোটের বানিয়ারচর গ্রামের হাবিবউল্লাহর ছেলে আমানউল্লাহ এবং চাঁদপুরের ফরিদগঞ্জের ঘোড়াশালা গ্রামের আবদুল খালেকের ছেলে শেখ হারুন। আহত বাংলাদেশি হলেন ফরিদপুরের সদরপুরের রুস্তম কাজীর ছেলে কাজী মোহাম্মদ শাহজাহান৷
সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোকাম্মেল হোসেন গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, একটি জিপগাড়ি ভাড়া করে পাঁচজন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি জেদ্দা থেকে কুনফুদা যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন সৌদি চালক। পথে আল লিথ শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ি উল্টে যায়। এতে সৌদি চালক এবং তিন বাংলাদেশি হারুন, হালিম ও আমান ঘটনাস্থলেই মারা যান। তাঁদের লাশ মক্কার কিং ফয়সাল হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত ইয়াসিন ও শাহজাহানকে হেলিকপ্টারে করে কিং আবদুল আজিজ হাসপাতালে নেওয়া হলে ইয়াসিন মারা যান। শাহজাহান চিকিত্সাধীন।
মোকাম্মেল জানান, ওই চারজনের লাশ শিগগির দেশে পাঠানো হবে৷ আহত বাংলাদেশির কাছে জানা গেছে, তাঁরা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) করাতে কর্মস্থল কুনফুদা থেকে জেদ্দা কনস্যুলেটে এসেছিলেন এবং কাজ শেষে আবার কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন৷