সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের আল খার্জ শহরে সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাসের সাত বাংলাদেশি যাত্রীর চারজন নিহত হয়েছেন। তাঁদের দুজন মা-ছেলে, বাড়ি ঝিনাইদহ। অন্য দুজন স্বামী-স্ত্রী, বাড়ি যশোরের কেশবপুর। এ ঘটনায় বাকি তিনজন গুরুতর আহত হয়েছেন।
গত শনিবার রাতে আল খার্জ শহরের হাইয়েল এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদের আল ওয়াইবা হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মাইক্রোবাসে দুটি পরিবারের সাতজন যাত্রী ছিলেন। একটি পরিবারের চারজন ও অন্য পরিবারটির তিনজন। চার সদস্যের পরিবারের প্রধান সাইফুল ইসলাম ২০ বছর ধরে সৌদি আরবে থাকেন। এবারই প্রথম তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে যান। ওমরাহ করে ফেরার পথে রাতে মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে।
গতকাল রোববার ঝিনাইদহের হামদহ শেখপাড়া এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর পুরো পরিবার শোকগ্রস্ত। সাইফুলের বড় মেয়ে সাইমা ইসলাম (২১) দেশেই ছিলেন। পারিবারিক কারণে তিনি যেতে পারেননি। তাঁর কান্না কেউ থামাতে পারছেন না।
সাইমা বলেন, তাঁরা তিন ভাইবোন। গত ১৮ ডিসেম্বর তাঁদের মা শিউলী বেগম (৪০), বোন সাম্মি আক্তার (১৪) ও ভাই আল সাইমকে (১২) সৌদি আরবে নিয়ে যান। শনিবার তাঁরা ওমরাহ পালনের জন্য মদিনায় যান। ওমরা পালন শেষে রিয়াদে ফেরার পথে তাঁদের বহন করা মাইক্রোবাসটি হাইয়েল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলে তাঁর মা মারা যান। আহত হন তাঁর ভাই, বোন ও বাবা। আহত ব্যক্তিদের উদ্ধার করে আল ওয়াইবা হাসপাতালে নেওয়ার পর সেখানে সাইম মারা যায়। সাইমার আত্মীয়স্বজন জানান, তাঁরা লাশের অপেক্ষায় আছেন।
সাইমার স্বজনেরা বলেন, সৌদি আরবে সাইফুল অন্যের কারখানায় দীর্ঘদিন কাজ করতে করতে একসময় নিজেই একটি ওয়ার্কশপ দেন।
দুর্ঘটনায় নিহত অন্য দুজন হলেন যশোরের কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের আব্বাস আলী (৪০) ও তাঁর স্ত্রী রেহেনা পারভীন (২৫)।
আব্বাস আলীর বোন জোহরা বেগমের ছেলে সাগর সৌদি আরবে থাকেন। ছেলের উদ্ধৃতি দিয়ে জোহরা বেগম গতকাল সন্ধ্যায় জানান, আব্বাস আলী ও তাঁর স্ত্রী রেহেনা পারভীন ঘটনাস্থলেই মারা গেছেন। আর তাঁদের মেয়ে প্রীতি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের লাশ বাড়িতে আনার প্রক্রিয়া করা চলছে।
এ ব্যাপারে কেশবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ মোমেন মজুমদার বলেন, তিনি পারিবারিক সূত্রে চারজনের মৃত্যুর খবর জেনেছেন।