সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ছয়জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি শ্রমিকসহ দুজন।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির দাম্মামের জুবাইন-দাহরান সড়কে বাংলাদেশি শ্রমিক বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রথম আলোকে দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম–পরিচয় জানাতে পারেননি তিনি। তিনি বলেন, দূতাবাসের কর্মকর্তারা সেখানে রয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার এক কর্মকর্তা বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় তাঁরা পেয়েছেন। তাঁরা হলেন শহিদুল ইসলাম ও বাবুল। এঁরা সহোদর। তাঁদের বাড়ি বরিশালে।