সৌন্দর্য হারাচ্ছে বলধা গার্ডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যত্নের অভাবে মরে যাচ্ছে ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের এমন অনেক গাছ। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
যত্নের অভাবে মরে যাচ্ছে ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের এমন অনেক গাছ। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
জীর্ণদশা মূল ফটকের, অপরিচ্ছন্ন পুকুরের পানি
জীর্ণদশা মূল ফটকের, অপরিচ্ছন্ন পুকুরের পানি

পরিচর্যার অভাবে ঢাকার ঐতিহ্যবাহী বলধা গার্ডেনের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। একদার দুর্লভ উদ্ভিদের সমারোহের নান্দনিক বাগানটি এখন আর ততটা দর্শনীয় স্থান নয়। পুরান ঢাকার ওয়ারীর এই বাগানটি এখন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ক্লাস পালানো ছাত্রছাত্রীদের গল্প করার জায়গা, আর বখাটেদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে।
গতকাল রোববার দুপুরে বলধা গার্ডেনে ঘুরে এই চিত্র পাওয়া যায়। ১৯৬২ সাল থেকে বলধা গার্ডেন বন বিভাগের ব্যবস্থাপনায় রয়েছে। পরে এটিকে জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি ‘স্যাটেলাইট ইউনিট’ হিসেবে মূল্যায়ন করা হয়। কিন্তু বাস্তবে এখন এর কোনো মূল্যায়ন নেই। এর জন্য জনবল-সংকট দায়ী বলে কর্তাব্যক্তিরা বলেন।
সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে বলধা গার্ডেন। সোয়া তিন একরের বলধা গার্ডেনের দুটি অংশ—সিবলি (প্রকৃতির দেবী) ও সাইকি (আত্মা)। সাইকি অংশে সর্বসাধারণের প্রবেশ বন্ধ। বন বিভাগের প্রধান বনসংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, সংরক্ষণের জন্যই এই অংশটি বন্ধ রাখা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বলধা গার্ডেন ঘিরে এলাকায় অসামাজিক কার্যক্রম বেড়েছে। বাগানের বাইরে পুলিশ থাকলেও এখানে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ১০ টাকায় টিকিট কেটে ‘নিরাপদ স্থান’ হিসেবে বখাটে ও তরুণ-তরুণীরা ঘণ্টার পর ঘণ্টা এখানে অবস্থান করে। গতকালও এদের দেখা গেছে। পুকুরের ঘাটের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছিল কয়েক বখাটে। সিগারেট ফুঁকছিল প্রকাশ্যেই, যদিও এখানে ধূমপান নিষিদ্ধ। গাছগাছালির কোণে জোড়ায় জোড়ায় বসে আছে তরুণ-তরুণী। তাদের মধ্যে কারও কারও পরনে স্কুলের নির্ধারিত পোশাক। দেখেই বোঝা যায় ক্লাস পালিয়ে এসেছে।
প্রধান বনসংরক্ষক অবশ্য বলেন, পার্ক, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি থাকে গল্প করার জন্যই। তবে তরুণ-তরুণীরা শালীনতার বাইরে চলে গেলে তা অগ্রহণযোগ্য। তিনি নিজে গিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।
যারা এখানে গল্প করে বা আড্ডা জমায়, বাগানের উদ্ভিদ বা প্রকৃতি তাদের নিয়ে কোনো আগ্রহ নেই। একসময় বলধা গার্ডেনে ৮০০ প্রজাতির প্রায় ১৮ হাজার গাছ ছিল। সাইকি অংশের প্রধান আকর্ষণ ছিল নানা বর্ণের শাপলায় ভরা শাপলা হাউস, বিরল প্রজাতির দেশি-বিদেশি ক্যাকটাস, অর্কিড, এনথুরিয়াম, ভূর্জপত্র, বিচিত্র বকুল ইত্যাদি। এখন এগুলো দেখার সুযোগ নেই।
সাইকিতে সংরক্ষিত দুর্লভ প্যাপিরাসগাছটি এখন আর নেই। যদিও সাধারণ মানুষ এই গাছ চেনে না। গাছটির বিষয়ে প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন প্রথম আলোকে জানান, সম্প্রতি তিনি বলধা গার্ডেনে গিয়ে প্যাপিরাসগাছটি দেখতে পাননি। সাইকিতে ঢোকার পর ডান দিকে রোজ ক্যাকটাসের পাশে টবের ভেতরে ছিল গাছটি। তিনি বলেন, তাঁর জানামতে, দেশে আর কোনো প্যাপিরাসগাছ নেই। পয়োনিষ্কাশন নালার ময়লা গাছের গোড়ায় জমে থাকায় গাছটি মরে গেছে বলে বাগানের নিরাপত্তাকর্মীরা তাঁকে জানিয়েছেন।
বলধা গার্ডেনের সিবলি অংশের মূল আকর্ষণ ছিল শঙ্খ নদ, পুকুর, ক্যামেলিয়া, আশোক, আফ্রিকান টিউলিপ, সূর্যঘড়ি, জয় হাউস। সূর্যঘড়ি অনেক দিন ধরে কাজ করছে না। কারণ, আশপাশে সূর্য ও আলো আড়াল করা বিশাল অট্টালিকা গড়ে উঠেছে।
গার্ডেনের মাঝখানের সুরম্য পুকুরটির পানির রং বিবর্ণ। ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ। কিছু গাছ দেখা যায়, যেগুলোর পাতা মরে যাচ্ছে। বনসুপারি নামের একটি গাছ দেখা যায়, পরিচর্যার বাইরে দাঁড়িয়ে আছে পুকুরের পাশে।