সৌন্দর্য হারাচ্ছে সেন্ট মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগে যাঁরা সেন্ট মার্টিনে গেছেন, তাঁদের মুখে এই প্রবাল দ্বীপের সৌন্দর্যের বর্ণনা হবে এক রকমের। এ বছর যাঁরা সেন্ট মার্টিন যাবেন তাঁরা ফিরে এসে যে বর্ণনা দেবেন, তা হবে আরেক রকমের। সৌন্দর্যের বর্ণনায় কেন তারতম্য হবে তা শোনা যাক এবার সেখানে
যাওয়া এক পর্যটকের মুখে। তিনি সিলেটের জিন্দাবাজারের ব্যবসায়ী সাইফুল হক। তিন বছর আগেও একবার তিনি এই দ্বীপ ঘুরে গেছেন তিনি।
গতকাল শুক্রবার সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাংলো বাড়ি ‘সমুদ্রবিলাস’-এর সামনে কথা হয় সাইফুল হকের সঙ্গে। পরিবার নিয়ে দুদিনের জন্য ঘুরতে এসেছেন এখান। সৈকতের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করে সাইফুল প্রথম আলোকে বলেন, ‘তিন বছর আগে এই দ্বীপের সৈকতে কচ্ছপের ডিম পাড়ার দৃশ্য উপভোগ করেছিলাম। আর এখন সৈকতজুড়ে মরা কচ্ছপের দুর্গন্ধ। দ্বীপের তিন দিকের সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাল শৈবাল, শামুক, ঝিনুকও আর তেমন অবশিষ্ট নেই। যেখানে সেখানে গড়ে উঠেছে হোটেল, মোটেলসহ নানা অবকাঠামো। অতিরিক্ত মানুষের চাপ আর দখল-দূষণে মরে যাচ্ছে দ্বীপটি।’
গতকাল দুপুরে দ্বীপে পা দিতেই মনে হলো এই সেন্ট মার্টিন অচেনা। সাড়ে সাত বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের উত্তরাংশের একখণ্ড জমিতে গড়ে উঠেছে দেড় শতাধিক আবাসিক হোটেল, মোটেল কটেজ ও রেস্তোঁরা। গতকাল টেকনাফ থেকে ছয়টি প্রমোদতরি (পর্যটকবাহী জাহাজ) ও কয়েকটি ট্রলারে দ্বীপে আসেন প্রায় সাত হাজার পর্যটক।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, পর্যটকদের পানির চাহিদা পূরণ করতে গিয়ে দ্বীপে এখন পানিসংকট দেখা দিচ্ছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। নলকূপের পানি লবণাক্ত। এ নিয়ে চিন্তিত এলাকার মানুষ।
সরেজমিনে দেখা যায়, দ্বীপের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ সৈকতে পাথর আহরণ করা হচ্ছে। এ পাথর দিয়ে তৈরি হচ্ছে দ্বীপের হোটেল, মোটেলসহ নানা অবকাঠামো। স্থলভাগের জমি খুঁড়েও তোলা হচ্ছে পাথর। সমুদ্রের তলদেশ থেকে আহরণ করা প্রবাল ও শৈবাল সৈকতে বিক্রি করছে শিশু-কিশোরেরা। প্রবাল বেচাকেনা নিষিদ্ধ হলেও পর্যটকেরা কিনছেন। আগে জেটিতে প্রবাল ও শামুক-ঝিনুক না কেনার ব্যাপারে সতর্ক করত পরিবেশ অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের কোনো কর্মীকে এ বিষয়ে পর্যটকদের সচেতন করতে দেখা গেল না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সেখানে সব ধরনের অবকাঠামো নির্মাণ, মাটির পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস, বন্য প্রাণী শিকার, শামুক, ঝিনুক, প্রবাল, শৈবাল, পাথর আহরণ ও সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ আইন লঙ্ঘন করে শতাধিক হোটেল-মোটেল তৈরি হয়েছে। লোকবল-সংকটের কারণে কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনে গিয়ে এসব তদারকি সম্ভব হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, মাত্রাতিরিক্ত পর্যটকের উপস্থিতির পাশাপাশি তাঁদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে দ্বীপের পয়োনিষ্কাশনব্যবস্থা ও আবর্জনা সমস্যা চরম আকার ধারণ করেছে। দ্বীপটিতে উদ্বেগজনক হারে বসতি স্থাপন এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার হওয়ায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, পর্যটকের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দ্বীপের পরিবেশ নষ্ট হচ্ছে। হোটেল, মোটেল ও বাসাবাড়ির বর্জ্য সাগরে মিশে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।
দ্বীপের দক্ষিণপাড়ার জেলে আমিন উল্লাহ বলেন, দ্বীপের জমির মূল্য শতগুণ বেড়ে গেছে। দ্বীপের এক-তৃতীয়াংশ জমি প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে। একসময় দেখা যাবে দ্বীপের বাসিন্দারা ভূমিহীন হয়ে পড়েছে।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্র জানায়, এই দ্বীপে আবাদি জমির পরিমাণ ৪১৬ একর। এর মধ্যে ৬২ একর জমিতে নারকেল বাগান থাকলেও খাদ্য, বাসস্থান এবং পশু পালনের কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে ওঠেনি।
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ডালিম বড়ুয়া বলেন, এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে মানুষের অতিরিক্ত চাপ আর পয়োনিষ্কাশনব্যবস্থা দ্বীপের পরিবেশ শেষ করে দিচ্ছে। সরকারি আইন কার্যকরের মাধ্যমে দ্বীপটি রক্ষা করতে পর্যটক, স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা দরকার।