সৌন্দর্যের জন্য ফুটপাতে ডাস্টবিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ‘সৌন্দর্য’ বাড়াতে ফুটপাতে ও রাস্তায় ডাস্টবিন নির্মাণ করছে বরিশাল সিটি করপোরেশন। ইতিমধ্যে ২৭টির নির্মাণ শেষ হয়েছে। তবে এ কাজের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি।
ডাস্টবিনের কারণে সরু ফুটপাত আরও ছোট হয়ে এসেছে। এতে পথচারীদের হাঁটাচলায় সমস্যা হচ্ছে। বিভিন্ন নাগরিক সংগঠন এমন ‘উন্নয়নকে’ কাণ্ডজ্ঞানহীন বলছে। তবে সিটি করপোরেশনের দাবি, নগরের সৌন্দর্য আরও বাড়াতেই এসব বক্স ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র বলছে, নগরের ফজলুল হক অ্যাভিনিউ ও এর দুই পাশের ফুটপাতে মোট ৪৫টি ডাস্টবিন নির্মাণ করা হবে। এই সড়কের এক পাশের ফুটপাত (উদয়ন বিদ্যালয়সংলগ্ন) মাত্র তিন ফুট চওড়া। এ কারণে সেখানে ফুটপাতের পাশের রাস্তায় ডাস্টবিন তৈরি করা হচ্ছে। অন্য পাশের ফুটপাত (জজকোর্টসংলগ্ন) সর্বোচ্চ পাঁচ ফুট চওড়া। সেখানে ফুটপাতের মধ্যে ২০ ইঞ্চি (দেড় ফুটের বেশি) চওড়া ও আড়াই ফুট লম্বা (দৈর্ঘ্য) ডাস্টবিন তৈরি করা হচ্ছে।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন কাণ্ডজ্ঞানহীনভাবে ফুটপাত ও সড়কে ডাস্টবিন নির্মাণ করছে। এটি পথচারীদের হাঁটায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অন্যদিকে সৌন্দর্য নষ্ট ও পরিবেশ ধ্বংস হবে। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে এই কাজ বন্ধ করারও দাবি জানাই।’
সরেজমিনে দেখা গেছে, ফজলুল হক সড়কের কাকলী মোড়ে ফুটপাতের ওপর ডাস্টবিন নির্মাণ করছেন শ্রমিকেরা। সড়কের অন্য পাশে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কয়েকটি ডাস্টবিনের নির্মাণকাজ শেষ হয়েছে। সেখানে কথা হয় নির্মাণশ্রমিক মো. বাবুল ইসলামের সঙ্গে। তিনি জানান, দুই দিন ধরে তাঁরা কাজ করছেন। সড়কের ওপর কয়েকটির নির্মাণ শেষ হয়েছে। এখন ফুটপাতের ওপর কাজ চলছে। তিনি বলেন, ‘শুনেছি একটা ফুলের টব ও একটা ডাস্টবিন হিসেবে ব্যবহার হবে।’
পথচারী মো. শফিকুল ইসলাম অভিযোগ করেন, এটা কোন ধরনের উন্নয়ন? হাঁটার পথ নষ্ট করে ডাস্টবিন করা হচ্ছে। পথচারীরা দুর্ভোগে পড়ছেন। এ ধরনের উন্নয়ন নগরের জন্য কাম্য নয়।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, ‘এই উন্নয়নকাজ তদারকি করছেন নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার। তবে যেটুকু শুনেছি পর্যায়ক্রমে একটি ডাস্টবিন ও একটি ফুলের টব স্থাপনের জন্য ওই কাজ করা হচ্ছে। দরপত্রের বিষয়টি নির্বাহী প্রকৌশলী বলতে পারবে।’
নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার প্রথম আলোকে জানান, ‘মানুষ যেখানে-সেখানে ময়লা কাগজ ও টিস্যু ফেলে। সেটা প্রতিরোধ করার জন্য ফুটপাতের যেখানে জায়গা বেশি এবং সড়কের যে অংশে যাতায়াত কম সেখানে নির্মাণ করা হচ্ছে। ওগুলো সব ডাস্টবিন নয়। একটি ডাস্টবিনের পর একটি ফুলের টব বসানো হবে।’
এ জন্য কত টাকা ব্যয় হচ্ছে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জানান, পরীক্ষামূলকভাবে কাজ করানো হচ্ছে, সে কারণে দরপত্র করা হয়নি। সফলতা এলে দরপত্র আহ্বান করা হবে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবীব কামাল বলেন, ফুটপাতে চলাচলে মানুষের যাতে অসুবিধা না হয়, সে বিষয়টি বিবেচনা করেই কাজ করা হচ্ছে। এ কারণে নগরের সৌন্দর্য নষ্ট হবে না।
ফজলুল হক অ্যাভিনিউ এলাকার একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডাস্টবিনগুলো এমনভাবে করা হচ্ছে তাতে ফুটপাতের জায়গা থাকছে না। সবগুলোই কোনো না-কোনো দোকানের সামনে পড়েছে। একই সঙ্গে সড়কের ওপরও বেশ কিছু ডাস্টবিন করা হয়েছে। আমরা তো প্রতিবাদও করতে পারছি না।’