সৌন্দর্যের নামে পুরাকীর্তির বিকৃতি

মধ্যযুগের অন্যতম নারী কবি চন্দ্রাবতীর আরাধনা ও কাব্যচর্চার স্মৃতিবিজড়িত শিবমন্দিরটি দেখতে গত শনিবার কিশোরগঞ্জে এসেছিলেন গাজীপুর জেলার শ্রীপুরের তুহিন ইবনে কাদির ও তাঁর দুই বন্ধু৷ তাঁদের ধারণা ছিল, প্রাচীন মন্দিরটি বুঝি ভাঙাচোরা গোছের হবে৷ ইট, সুরকি হবে কালচে ধাঁচের৷ কিন্তু বাস্তবে তেমনটি হয়নি৷
তুহিন ইবনে কাদির বলেন, ‘এটি দেখে চন্দ্রাবতীর শিবমন্দির মনে হচ্ছে না৷ টাওয়ারের মতো লাগছে৷ চকচক করছে৷ মনে হচ্ছে, সাম্প্রতিককালের মন্দির এটি৷’
জানা গেছে, গত ২৫ মে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দুই দিনের সফরে কিশোরগঞ্জ আসেন৷ সফরে চন্দ্রাবতীর মন্দিরটি দেখার কথা ছিল তাঁর। এ জন্য স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাঁর সফরের আগেই রং করে মন্দিরটির সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়। এর দায়িত্ব দেওয়া হয় স্থানীয় মাইজকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজ উদ্দিনকে৷ তিনি ব্যক্তিগত খরচে রংমিস্ত্রি দিয়ে অর্পিত দায়িত্ব সম্পন্ন করেন৷
স্থানীয় এক গবেষক ও কিশোরগঞ্জের বিশিষ্ট কয়েকজনের অভিযোগ, রং করার ক্ষেত্রে পুরাকীর্তি সংস্কারের নিয়ম মানা হয়নি। সাধারণ ভবন যেভাবে রং করা হয়, মন্দিরও সেভাবে রং করা হয়েছে। এতে ঐতিহাসিকদের কাছে স্থাপনাটির গুরুত্ব হারাতে বসেছে৷
ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে তিন দিনে রং করে দিতে বলেন। ৩২ জন মিস্ত্রি দিয়ে দ্রুত কাজটি শেষ করতে হয়েছে।’
ইউএনও সুব্রত পাল বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরামর্শে রং করা হয়েছে।’
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, পাশাপাশি দুটি শিবমন্দির রং করা হয়েছে। আশপাশের গাছের গোড়াতেও রং করা হয়েছে। জেলা সদর থেকে মন্দির পর্যন্ত কিছু পথ এখনো কাঁচা অবস্থায় রয়েছে৷ এ জন্য মজীনা সেখানে যেতে পারেননি।
ইতিহাসবিষয়ক স্থানীয় গবেষক মু. আ. লতিফ বলেন, এত তড়িঘড়ি করে পুরাকীর্তি সংস্কার করা উচিত হয়নি।
চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল বলেন, ‘জেনেছি কাজটি স্থানীয়ভাবে হওয়ায় অঙ্গচ্ছেদ বা বিকৃতি ঘটেছে।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উদ্যোগটি ছিল স্থানীয় প্রশাসনের। তবে আমরা গিয়েছিলাম। ১৯৪৮ সালে তোলা মন্দিরটির ছবি আমাদের কাছে আছে। সেখানে মন্দিরটি দেখতে সাদা। সেই কারণে অফ হোয়াইট রং ব্যবহার করতে বলে এসেছি।’ তড়িঘড়ি করায় পুরাকীর্তির বিকৃতি হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একজন গুরুত্বপূর্ণ লোকের আগমন উপলক্ষে কাজটিতে তাড়াহুড়ো করা হয়েছে। এ কারণে এদিক-ওদিক হতে পারে।’
কবি চন্দ্রাবতী ও মধ্যযুগের লোকমানস এবং কিশোরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য বই দুটি ঘেঁটে জানা গেছে, বাংলা সাহিত্যের আদি নারী কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জের মেয়ে৷ জেলা সদর থেকে সাড়ে ছয় কিলোমিটার উত্তরে সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশনসংলগ্ন কাচারিবাজার গ্রামে আনুমানিক ১৫৬০ খ্রিস্টাব্দে কবির জন্ম৷ তাঁর বাবা মনসা মঙ্গলের বিখ্যাত কবি দ্বিজ বংশী দাস। মৈমনসিংহ গীতিকার অমর প্রেমগাথা ‘মহুয়া’, ‘দস্যু কেনারাম’, ‘রামায়ণ’সহ অসংখ্য লোকগীতির রচয়িতা হিসেবে চন্দ্রাবতী বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন৷