সৌর প্যানেল ছাড়া বিদ্যুৎ পাচ্ছেন না সাধারণ গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয় সিদ্ধান্ত নেওয়ার এক মাস পেরিয়ে গেলেও সৌরবিদ্যুতের প্যানেল ছাড়া সাধারণ গ্রাহকেরা নতুন বিদ্যুৎ-সংযোগ পাচ্ছেন না। গ্রাহকদের অভিযোগ, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জেনে তাঁরা সৌর প্যানেল ছাড়া নতুন সংযোগের জন্য আবেদন করেছেন। কিন্তু বিতরণ কোম্পানিগুলো সংযোগ দিতে গড়িমসি করছে।
তবে বড় বড় অ্যাপার্টমেন্ট ভবনের মালিকদের মতো প্রভাবশালী গ্রাহকেরা সৌর প্যানেল ছাড়াই সংযোগ পেয়ে যাচ্ছেন। এ ব্যাপারে দুটি বিতরণ কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এ ধরনের গ্রাহকের ক্ষেত্রে তাঁরা মন্ত্রণালয়ে যোগাযোগ করে মৌখিক নির্দেশনা নিয়ে সংযোগ দিচ্ছেন।
ওই কর্মকর্তারা বলেন, ২০১০ সালে নতুন বিদ্যুতের ক্ষেত্রে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের শর্ত আরোপ করার সময় তা সরকারি আদেশ হিসেবে চিঠি দিয়ে কোম্পানিগুলোকে জানানো হয়েছিল। কিন্তু শর্তটি রহিত করার জন্য কোনো লিখিত আদেশ তাঁরা পাননি। অবশ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি সভার কার্যবিবরণী তাঁদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু তার ভিত্তিতে তাঁরা ওই শর্ত রহিত করতে পারেন না।
জানতে চাইলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের নীতি সহায়তা সংস্থা—পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন গত সপ্তাহে বলেছিলেন, ওই জটিলতা দূর করার জন্য শিগগিরই বিতরণ কোম্পানিগুলোর কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠানো হচ্ছে। এ ছাড়া সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন (সেডা) তহবিলে নতুন গ্রাহকদের অনুদান সম্পর্কে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়িত করা হবে, সে বিষয়ে একটি প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে। তবে সে জন্য নতুন সংযোগ পেতে গ্রাহককে অপেক্ষা করতে হবে না।
নতুন বিদ্যুৎ-সংযোগের ক্ষেত্রে সৌর প্যানেল স্থাপনের বিষয়ে করণীয় নির্ধারণের জন্য মন্ত্রণালয় পাওয়ার সেলকে দায়িত্ব দিয়েছিল। গত ১২ মে বিদ্যুৎ বিভাগের এ-সংক্রান্ত এক সভায় পাওয়ার সেলের সুপারিশের ভিত্তিতেই সৌর প্যানেল ছাড়া নতুন সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোনো গ্রাহক চাইলে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন তহবিলে কিছু অর্থ দিতে পারেন বলেও সেই সিদ্ধান্তে বলা হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার যখন বিদ্যুৎ-সংযোগের জন্য সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের শর্ত আরোপ করে তখনকার সরকারি আদেশে তা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়নি। কিন্তু সরকারের মধ্যকার অতি উৎসাহী কারও কারও উদ্যোগে তা বাধ্যতামূলক হিসেবেই কার্যকর হয়।
তবে তাতে গ্রাহক কিংবা সরকার কারোই কোনো লাভ হয়নি। বরং গ্রাহকের কিছু দুর্ভোগ ও অর্থ ব্যয় হয়েছে। আর কিছু ব্যবসায়ী নিম্নমানের প্যানেল বিক্রি করে বা ভাড়ায় দিয়ে দুর্নীতি করার সুযোগ পেয়েছেন।
ঢাকায় সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ-সংযোগ পাওয়া গ্রাহকদের মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শহিদুল ইসলাম খান পরিচালিত একটি জরিপে গ্রাহকদের অসন্তুষ্টি ও সৌর প্যানেলের অকার্যকারিতার চিত্র স্পষ্টরূপে ফুটে উঠেছে।