সৌর প্যানেল স্থাপন হয়নি, ফেরত গেল ৪১ টন গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে গমের দাম কম হওয়ায় সোলার প্যানেল স্থাপন প্রকল্পের কাজে আগ্রহী হয়নি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘এসকেএস ফাউন্ডেশন’। এ কারণে ফেরত গেছে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া ৪০ দশমিক ৭৫২ মেট্রিক টন গম। ফলে সোলার প্যানেল পায়নি বগুড়ার শেরপুর উপজেলার ১৬টি প্রতিষ্ঠান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছর গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির ‘সাধারণ’ দ্বিতীয় পর্যায়ে কিস্তির ৩২ দশমিক ২৭৭ মেট্রিক টন ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির বিপরীতে ৬ দশমিক ২২৫ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। সরকারি হিসাবে দাম ১১ লাখ ২৩ হাজার ৪৩৩ টাকা (প্রতি টন ২৯ হাজার ১৭৮ দশমিক ৫৯ টাকা)। এ বরাদ্দের মাধ্যমে ১৬টি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের সোলার প্যানেল স্থাপনে এসকেএস ফাউন্ডেশনের সঙ্গে গত মে মাসে চুক্তি হয়। এর মধ্যে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩টি মসজিদ ও ১টি মন্দির ছিল। কাজ শেষ করার কথা ছিল ৩০ জুনের মধ্যে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় গাইবান্ধা জেলা সদরে।
পিআইও শামছুন্নাহার শিউলী বলেন, সংস্থাটির পরিচালক খোকন কুমার কুণ্ড গত ২৭ জুন এক চিঠিতে জানান, বরাদ্দ খাদ্যশস্যের নির্ধারিত মূল্যের তুলনায় বাজারমূল্য অনেক কম হওয়ায় তাঁর প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে খাদ্যশস্যের বিপরীতে ‘এসকেএস ফাউন্ডেশন’ কার্যক্রম পরিচালনায় আগ্রহী নয়। তার ওই চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
জানতে চাইলে এসকেএস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক মো. আবু রায়হান সিদ্দিকী বলেন, ইডকলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসকেএস ফাউন্ডেশন সোলার প্যানেল স্থাপনে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। কিন্তু বরাদ্দকৃত খাদ্যশস্যের সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে এসব খাদ্যশস্যের মূল্য অর্ধেক। শেরপুরে খাদ্যশস্যের বিপরীতে সোলার প্যানেল স্থাপন করা হলে তাঁদের প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ত। এ কারণে তাঁরা খাদ্যশস্যের বিপরীতে কার্যক্রম পরিচালনায় আগ্রহী নন।
স্থানীয় বাজারের ব্যবসায়ী মহসিন আলী জানান, বর্তমানে প্রতি টন গম সাড়ে ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জানানো হয়েছে।