সৌরবিদ্যুতে দিনবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমুদ্রের লোনা পানি ঢুকিয়ে উপকূলের বিশাল মাঠে কয়েক মাস লবণ উৎপাদন করতাম। অন্য সময় এসব জমি খালি পড়ে থাকত। এখন সৌরবিদ্যুৎ দিয়ে সেই মাঠে সারা বছর ধান চাষের সুযোগ পাচ্ছি। এতে গ্রামের মানুষ খুশি।’
গত বৃহস্পতিবার কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার বাসিন্দা আবুল কালাম (৫৫) এসব কথা বলেন।
মামুনপাড়ার অনেক মানুষ সমুদ্র উপকূলে শামুক-ঝিনুক আহরণ; কচ্ছপ, কাঁকড়া ও পাখি শিকার এবং প্যারাবনের গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। এতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছিল। এসব কর্মকাণ্ড থেকে লোকজনকে বিরত রাখতে পরিবেশ অধিদপ্তর মামুনপাড়ায় একটি সৌরবিদ্যুৎ-চালিত সেচপাম্প স্থাপন করে। এখন এলাকাবাসী সেচপাম্প কাজে লাগিয়ে বিকল্প জীবিকা হিসেবে ধান চাষ করছেন।
সরেজমিনে দেখা যায়, সেচপাম্পের চারদিকে সবুজ ধানে ভরে আছে বিশাল মাঠ। গত ডিসেম্বর মাসেও যা লোনা পানিতে ডুবে ছিল। স্থানীয় কৃষকেরা জানান, এ বছরের জানুয়ারি থেকে সৌরবিদ্যুৎ-চালিত পাম্প থেকে ধান চাষের জন্য পানি পাচ্ছেন তাঁরা। এই সেচপাম্প দিয়ে প্রায় ২২ একর পরিত্যক্ত জমিতে ধান চাষ চলছে।
মামুনপাড়া বহুমুখী সমবায় সমিতির সদস্য শফিউল হক জানান, বৃষ্টির পানি ছাড়া গ্রামের কৃষকদের চাষাবাদের সুযোগ ছিল না। এই প্রথম সৌরবিদ্যুৎ-চালিত পাম্পের মাধ্যমে কৃষকেরা সেচসুবিধা পাচ্ছেন। এখন সারা বছর ধানসহ নানা ফসল উৎপাদন করা যাবে।
সৌরবিদ্যুৎ-চালিত সেচপাম্পের প্রকৌশলী শফিউল আজম জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ১২০ ফুট গভীর থেকে পানি তুলে সেচ দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দৈনিক পাঁচ লাখ লিটার পানি তোলা হচ্ছে। মামুনপাড়ার প্রায় ২২ একর জমি সেচের আওতায় এসেছে। তিনি জানান, সূর্যের আলো যত তীব্র হয়, পানিও তত বেশি তোলা যায়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে মামুনপাড়ায় চার শতক জমিতে সৌরবিদ্যুৎ-চালিত সেচপাম্প স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। উপকূলে চাষের আওতা বাড়াতে এ রকম আরও সেচপাম্প স্থাপন করা হবে।
খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম জানান, মামুনপাড়ায় বর্তমানে কয়েক হাজার একর জমি পড়ে আছে। এসব জমিতে সৌরবিদ্যুতের মাধ্যমে বছরে একাধিকবার ফসল উৎপাদন করা গেলে বেকার সমস্যা দূর হবে। অন্যদিকে উপকূলের প্যারাবনসহ জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।