সৌরশক্তিতে চলছে রিকশা
আজকাল ব্যাটারিচালিত মোটর লাগিয়ে রিকশা চলছে৷ দিনে দুবার ব্যাটারি চার্জ করতে হয়৷ এতে সময় ও শক্তি দুই-ই খরচ হয়৷ তবে সৌরশক্তিতে এ রিকশা চালানো গেলে সব দিক দিয়েই সাশ্রয় হয়৷ এমন ভাবনা থেকেই পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের রিকশার মিস্ত্রি ইউনুস মিয়া (৪২) সৌরশক্তিচালিত রিকশা তৈরি করেছেন৷
ইউনুস মিয়া জানান, তিনি ব্যাটারিচালিত-রিকশার কারিগর৷ সাধারণত এ রিকশায় দিনে দুবার বিদ্যুতের সাহায্যে ব্যাটারি চার্জ করতে হয়৷ এভাবে প্রতিটি রিকশার ব্যাটারি চার্জ করতে মাসে খরচ হয় প্রায় দেড় হাজার টাকা৷ বিদ্যুৎ খরচ সাশ্রয় এবং বারবার ব্যাটারি চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে তিনি সৌরপ্যানেল দিয়ে রিকশা তৈরির পরিকল্পনা করেন৷ এক সপ্তাহ আগে সাধারণ রিকশায় সোলার প্যানেল বসিয়ে ব্যাটারির সঙ্গে সংযোগ লাগিয়ে দেন৷ এতে দেখা গেল, সূর্যের আলোয় ব্যাটারি চার্জ হয়ে দিব্যি আগের মতোই রিকশা চলছে৷
ইউনুস আরও বলেন, একটি ব্যাটারিচালিত রিকশা বানাতে ৫০ হাজার টাকা খরচ হয়৷ এর সঙ্গে ২০ হাজার টাকার সোলার প্যানেল যুক্ত করলে সৌরশক্তিচালিত রিকশা বানানো সম্ভব৷ ঘরে ব্যবহৃত সৌরবিদ্যুতের মতো এটিও দিনের বেলায় সূর্যের আলোয় চলবে এবং ব্যাটারি চার্জ হবে৷ রাতে যখন সূর্যের আলো থাকবে না, তখন সূর্য থেকে ব্যাটারিতে সঞ্চিত শক্তি দিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা রিকশা চালানো যাবে৷ আকাশ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন থাকলে সামান্য আলোতেও রিকশা চলবে৷ তবে ব্যাটারিতে চার্জ কম হবে৷ এ ছাড়া, ব্যাটারিতে যখন চার্জ থাকবে না, তখন প্যাডেলের সাহায্যেও যানটি চালানো যাবে৷
অটোরিকশার চালক নূরুল হক মৃধা (৫০) বলেন, ‘ইউনুসের তৈরি করা সৌরশক্তিচালিত রিকশাটি আমি আট দিন ধরে চালাচ্ছি। এর আগেও ব্যাটারিচালিত রিকশা চালিয়েছি। দুই রিকশার মধ্যে কোনো তফাত দেখছি না৷ সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অটো চালাচ্ছি৷’
সৌরশক্তিচালিত অটোরিকশার মালিক ফুয়াদ হাসান বলেন, ‘আমি ইউনুস মিয়ার কাছ থেকে দুটি রিকশা বানিয়েছি। কয়েক দিন আগে তিনি সৌরশক্তিচালিত রিকশার কথা জানালে বিদ্যুৎসাশ্রয়ী হবে ভেবে আমি রাজি হয়ে যাই৷’
গ্রামীণ শক্তির মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, সোলার প্যানেলটির ২০ বছরের ওয়ারেন্টি রয়েছে৷ দিনে ঠিকমতো চার্জ পেলে সূর্যাস্তের পর ব্যাটারির সাহায্যে চার ঘণ্টা কাজ করা সম্ভব৷ তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে সূর্য থেকে তাপ কম পেলে ব্যাটারিও কম সময় ব্যবহার করতে হবে৷’