সৌহার্দ্যের প্রতিশ্রুতি দুপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারী ছয় প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। এরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবিরের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্কাস আলী ও বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আজাদুল ইসলাম পরস্পর করমর্দন করে সৌহার্দ্যপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। গতকাল রোববার মনোনয়নপত্র যাচাইকাজ শেষে বৈধতা পাওয়ার পর গণমাধ্যম ও দলীয় নেতা-কর্মীদের সামনে তাঁরা এ প্রতিশ্রুতি দেন।
আওয়ামী লীগ প্রার্থী আক্কাস আলী বলেন, ‘বিরামপুর একটি শান্তিপূর্ণ শহর। সব রাজনৈতিক দলমতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরামপুরের ঐতিহ্য। এর আগে মেয়র থাকা অবস্থাতেও আমি সে ঐতিহ্য ধরে রেখেছিলাম। ভবিষ্যতে মেয়র হলে বিরামপুরের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সেই সঙ্গে সৌহার্দ্যপূর্ণ নির্বাচনের জন্য সচেষ্ট থাকব।’
বিএনপির প্রার্থী আজাদুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করে শান্তিপূর্ণ নির্বাচন করতে তিনি ও তাঁর দল বদ্ধপরিকর। তিনি তাঁর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে নির্দেশ দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির বলেন, সামাজিক ও রাজনৈতিক সহিংসতামুক্ত শহর বিরামপুর। বিরামপুরের এ ঐতিহ্য ধরে রাখতে সবাই মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তিনি ও তাঁর দল আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।