সেই নবজাতক পেল নতুন ঠিকানা, নতুন নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাস কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয় শিশু ফাইজাকে। ছবি: হাসান রাজা
সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাস কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয় শিশু ফাইজাকে। ছবি: হাসান রাজা

ক্লিক! ক্লিক!! ক্লিক!!!—যার দিকে ক্যামেরা তাক করা সে চেয়ে আছে ড্যাব ড্যাব করে। হাত পা নাড়ছে। ‘সাজুগুজু’ও করেছে। ঘন চুলে গোলাপি ব্যান্ড। গায়ে সাদা ফুল তোলা গোলাপি জামা। কিন্তু কতক্ষণ আর ছবি তোলার জন্য পোজ দেওয়া যায়; তাই হয়তো গলার আওয়াজে জানান দিল, এখন খাবার চাই। আজ ওর বয়স ২৭ দিন। 

আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ব্যস্ত ছিল তাকে নিয়েই। এত দিন তার কোনো নাম ছিল না। রাজকুমারী, রাজকন্যা, বিজয়িনীসহ নানান নামে ডাকতো সবাই। আজ তার নাম দেওয়া হয় ‘ফাইজা’। ফাইজা মানে ‘বিজয়িনী’। ও কুকুরের খাবার হতে হতে বেঁচে গেছে। তারপর নানান প্রতিকূলতা পাড়ি দিয়ে আজ সে সুস্থ। তাই এই নামকরণ। এতদিন তার কোনো ঠিকানা ছিল না। আর আজ থেকে তার নতুন ঠিকানা সমাজসেবা অধিদপ্তরের ‘ছোটমনি নিবাস’।

নবজাতক এই শিশুটি স্ক্যাবুর চিকিৎসক ও নার্সদের আপনজনে পরিণত হয়েছিল। আজও হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় আদর করতে দেখা যায় হাসপাতালের পরিচালককে। ছবি: হাসান রাজা
নবজাতক এই শিশুটি স্ক্যাবুর চিকিৎসক ও নার্সদের আপনজনে পরিণত হয়েছিল। আজও হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় আদর করতে দেখা যায় হাসপাতালের পরিচালককে। ছবি: হাসান রাজা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতকের বিশেষায়িত সেবার কেন্দ্র স্ক্যাবু বা স্পেশাল কেয়ার বেবি ইউনিট থেকে সে আজ গেল আজিমপুরে তার এই নতুন ঠিকানায়।
১৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দর-সংলগ্ন রানওয়ে মাঠে চার-পাঁচটি কুকুরের সামনে থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
ধারণা করা হয়, জন্মের পরপরই ওর মা, বাবা বা আপনজন মাঠে সিমেন্টর বস্তায় ভরে ফেলে গিয়েছিল। কুকুরের দল তাকে বস্তার ভেতর থেকে বের করে ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ খেয়ে ফেলে। বাম হাতের দুটো আঙুলের মাথাও গেছে কুকুরের পেটে। কয়েকজন নারী ওকে কুকুরের হাত থেকে উদ্ধার করে প্রথমে রাজধানীর শিশু হাসপাতাল তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারপর থেকে ও ছিল নবজাতক বিভাগের স্ক্যাবুতে।
আজ ফাইজা যাবে নতুন ঠিকানায় তারই আনুষ্ঠানিকতা চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে।

জাহানারা বেগমের কোলে ফাইজা। ১৫ সেপ্টেম্বর মাঠের পাশ থেকে তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। শিশুটির নাভির সঙ্গে ঝুলন্ত নাড়িটিও নিজেই কাটেন। আজ কোলে নিয়ে ​জলে চোখ ভিজে যায় তাঁর। নিজের সন্তানকেই যেন অন্যের হাতে তুলে দিচ্ছেন। ছবি: হাসান রাজা
জাহানারা বেগমের কোলে ফাইজা। ১৫ সেপ্টেম্বর মাঠের পাশ থেকে তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। শিশুটির নাভির সঙ্গে ঝুলন্ত নাড়িটিও নিজেই কাটেন। আজ কোলে নিয়ে ​জলে চোখ ভিজে যায় তাঁর। নিজের সন্তানকেই যেন অন্যের হাতে তুলে দিচ্ছেন। ছবি: হাসান রাজা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, শিশু বিভাগের প্রধান এখলাছুর রহমান, শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক, নবজাতক বিভাগের অধ্যাপক মনীষা ব্যানার্জীসহ অন্যান্যরা ফাইজাকে তুলে দেন ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের কোলে।
ফাইজা সেলিনা আক্তারের বুকে গিয়েই ছোট ছোট হাত দিয়ে তাঁর শাড়ি খামচে ধরে। এর মধ্যেই চলতে থাকে ফাইজাকে হস্তান্তরের অন্যান্য প্রক্রিয়া। কাগজপত্রে সই, ফাইজার জিনিসপত্র বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে পরিচালক মিজানুর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রী তাঁকে জানিয়েছেন ফাইজার যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওর পুনর্বাসনের দায়িত্ব সরকারের।
মিজানুর রহমান বলেন, ‘ও কুকুরের খাবার হতে হতে বেঁচে গেছে। এখন ও সম্পূর্ণ সুস্থ। তিন মাস বয়স পার হলে ওর ঠোঁট, নাক ও হাতের আঙুলে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি করা হবে। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ সম্পূর্ণ বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আপাতত ও যাচ্ছে ছোটমনি নিবাসে। পরে নিয়ম অনুযায়ী ও যাবে সমাজসেবা অধিদপ্তরেরই শিশু পরিবারে। তবে আমরা চাই ও বাবা মার আদর পাক। অনেকেরই জীবন শুধু একটি সন্তান না থাকার কারণে নিরানন্দ হয়ে গেছে। সেই ধরনের কোনো নিঃসন্তান দম্পতি যদি ওকে নিতে চান তাহলে পারিবারিক আদালতের মাধ্যমে আবেদন করে ছোটমনি নিবাস থেকে নিয়ে যাবেন।’

নার্সের কোলে ফাইজা। ছবি: হাসান রাজা
নার্সের কোলে ফাইজা। ছবি: হাসান রাজা

নবজাতক বিভাগের প্রধান এবং ফাইজার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, ওর জলাতঙ্ক, বিভিন্ন সংক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। তবে সবার সহযোগিতায় আজ ও বিপদমুক্ত।
অধ্যাপক আশরাফুল হক বলেন, ‘ও সরকারি আশ্রয়ে বড় হওয়ার চেয়ে একটি পরিবার পাক, বাবা মায়ের আদর পাক তাই আমরা কামনা করি।’

আরও পড়ুন: