সেলিম ও শামীমের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম ওসমান ও তাঁর ভাই সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম এ অভিযোগ করেন৷

এস এম আকরাম গত শনিবার অভিযোগ করেন, সেলিম ওসমান গত বৃহস্পতিবার বিকেলে নগরের আমলাপাড়া এলাকায় আলজামিয়া আশরাফিয়া (রহ.) মাদ্রাসায় গিয়ে ১৫-২০টি কম্পিউটার, একটি শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও চলতি বছর সেরা সাত শিক্ষার্থীকে নিজ খরচে হজে পাঠানোর প্রতিশ্রুতি দেন। এর মাধ্যমে তিনি (সেলিম ওসমান) জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন৷

জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধির ৩ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, ‘কোনো প্রার্থী বা তাঁর পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচনপূর্ব সময়ে ওই প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান দিতে বা দেওয়ার অঙ্গীকার করতে পারবেন না।’

এস এম আকরামের এই অভিযোগ অস্বীকার করে সেলিম ওসমান বলেন, ‘আমি আমলাপাড়ার ওই মাদ্রাসায় কিছু দিইনি। দিলে তো দিয়েই আসতাম। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দিয়েছেন। আমি বিকেএমইএর একজন ডাইরেক্টরকে বলেছি, মাদ্রাসাটির কী সমস্যা আছে, তা দেখার জন্য।’

 এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, ‘সেলিম ওসমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো মাদ্রাসায় বা অন্য কোথাও কোনো প্রার্থী কম্পিউটার বা অন্য কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবশ্যই তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব।’

এস এম আকরাম আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমান গত ৩১ মে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশে বলেছেন, ‘বন্দরের উন্নয়নে আমার ভাইয়ের যে স্বপ্ন ছিল, আমাদের পরিবারের পক্ষ থেকে তা পূরণ করা হবে।’ অথচ নির্বাচন আচরণবিধি অনুযায়ী শূন্য আসনের নির্বাচনে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (সংসদ সদস্য) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারবেন না।