সৈকত ও বৌদ্ধপল্লি দেখে মুগ্ধ বিদেশি কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত, পাহাড় আর রামুর বৌদ্ধপল্লি দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে ১৬টি দেশের কূটনীতিকেরা গত সোমবার দুপুরে বিমানে করে ঢাকা থেকে দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছান। সফর শেষে গতকাল বুধবার দুপুরে তাঁরা ঢাকায় ফিরে যান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই সফরে রাশিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, তুরস্ক, নেদারল্যান্ডস, মালদ্বীপ, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ব্রুনাইসহ ১৬টি দেশের মিশনপ্রধান এবং চারটি আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা সপরিবারে অংশ নেন। ১৭ ফেব্রুয়ারি বিকেলে তাঁরা পাহাড় আর সাগরের মধ্য দিয়ে তৈরি মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইনানী সৈকতে যান। সেখানে তাঁরা বিচে ভলিবল খেলে, দৌড়ঝাঁপ করে এবং ঘুড়ি উড়িয়ে সময় কাটান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে তাঁরা ছুটে যান রামুর বৌদ্ধপল্লিতে।
বেলা ১১টায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে কূটনীতিকেরা উপজেলার দক্ষিণ মিঠাছড়ির পাহাড়চূড়ায় স্থাপিত এশিয়ার বৃহত্তম ১০০ ফুট দীর্ঘ গৌতম বুদ্ধের মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রের পরিচালক ও ভিক্ষু করুণাশ্রী মহাথের এ সময় কূটনীতিকদের কাছে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে এই বিহারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছায় বিহারগুলো দ্রুত সময়ের মধ্যে নান্দনিকভাবে তৈরি হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া এর আগে অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এরপর কূটনীতিকেরা রামু কেন্দ্রীয় সীমাবিহার পরিদর্শন করেন। কূটনীতিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে ওই বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান ছিল রামু। কিন্তু নানা কারণে আমরা সেই সম্প্রীতি ধরে রাখতে পারিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা ও দ্রুত সময়ে দৃষ্টিনন্দন স্থাপনার মাধ্যমে রামুর বৌদ্ধমন্দিরগুলো পুনর্নির্মাণ করে দিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই।’
বিকেলে কূটনীতিকেরা কক্সবাজার শহরের নুনিয়াছটাস্থ মৎস্য অবতরণ কেন্দ্র এবং মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রমুখ।
সাংসদ সাইমুম বলেন, বিদেশি কূটনীতিকেরা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ও রামুর বৌদ্ধপল্লি দেখে মুগ্ধ হয়েছেন।