সৈকত থেকে বালু তুলে হোটেল রক্ষা বাঁধ
কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকত থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে তৈরি করা হচ্ছে দুটি বহুতল আবাসিক হোটেল ভবনের প্রতিরক্ষা বাঁধ।তবে পরিবেশ অধিদপ্তর বলেছে, পরিবেশ সংকটাপন্ন এই সৈকতের বালু তোলা হলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। গতকাল সোমবার দুপুরে ওই বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠান দুটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাতলীর সাবমেরিন কেবেলর ল্যান্ডিং স্টেশনের দক্ষিণ পাশে সমুদ্রসৈকত থেকে বালু তুলে নির্মাণাধীন ‘সায়মন বিচ রিসোর্ট’ ও ‘কিং ফিশার রিসোর্ট’-এর সামনের জমি ভরাট করে বেড়িবাঁধ তৈরি করা হচ্ছে। এই কাজে নিয়োজিত রয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। গতকাল সকালেও বালু তুলে বাঁধ নির্মাণ করতে দেখা গেছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, দিনের বেলায় সমুদ্রসৈকত থেকে বালু তুলে সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ করলেও কেউ বাধা দিচ্ছে না। কারণ, ওই রিসোর্টের মালিক আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, সায়মন বিচ রিসোর্টের কর্মকর্তা প্রকৌশলী মজহারুল হকের নির্দেশে তাঁরা সমুদ্র থেকে বালু তুলে বেড়িবাঁধ তৈরি করছেন। দৈনিক মজুরির ভিত্তিতে তাঁদের এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে। জানতে চাইলে প্রকৌশলী মজহারুল হক বলেন, রিসোর্টের সামনের জমি ভরাট এবং সাগরের ঢেউ থেকে রক্ষার জন্য অস্থায়ীভাবে ওই বালুর বাঁধটি তৈরি করা হচ্ছে। তবে ভবিষ্যতে সেখানে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করা হবে। প্রতিবেশ সংকটাপন্ন সৈকতের বালু তুলে বাঁধ নির্মাণে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে প্রকৌশলী মজহারুল হক বলেন, ‘সরকার যেখানে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নিচ্ছে, সেখানে আমরা বাঁধ করে দিলে অসুবিধা কোথায়? এতে সরকারেরই লাভ হচ্ছে। এতে অনুমতির দরকার হবে কেন?’ কিং ফিশার রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম দাবি করেন, তাঁদের ভবনের সামনের যে জমি ভরাট করা হচ্ছে, সেটি সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষ কিনে নিয়েছে। সেখানে বাঁধ নির্মাণের বিষয়ে তাঁদের কোনো হাত নেই।জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, সৈকত থেকে বালু উত্তোলন করে বেড়িবাঁধ নির্মাণের অনুমতি কাউকে দেওয়া হয়নি। এসব বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ সংকটাপন্ন এই সৈকতের বালু উত্তোলন, অপসারণ, শ্রেণী পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস করা সরকারি আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমতি ছাড়াই সমুদ্রের বালু তুলে ওই প্রতিষ্ঠান দুটি বেড়িবাঁধ নির্মাণ করছিল। তবে গতকাল বেলা আড়াইটার সময় ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান দুটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুই দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় পরিবেশ আদালতে মামলা করা হবে।