সৈকত থেকে ২৬ বস্তা ভেজাল আচারসহ এক ব্যক্তি গ্রেপ্তার
কক্সবাজার সৈকতের লাবণি পয়েন্ট ও পাশের ঝিনুক মার্কেটে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার কেজি ওজনের ২৬ বস্তা ভেজাল আচারসহ খায়রুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, পরের দিন (বুধবার) সকাল থেকে বিক্রির জন্য এসব ভেজাল আচার রাতে মজুদ করা হচ্ছিল। জব্দ আচারের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা ১১টায় খায়রুলকে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট মো. আফাজ উদ্দিন তাঁকে চার মাসের কারাদণ্ড দেন। জব্দকৃত ভেজাল আচারগুলো পুড়িয়ে ধ্বংস করার আদেশ দেওয়া হয়। খায়রুল আমিন কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ার বাসিন্দা। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, এখানকার রাখাইনদের হাতের তৈরি মজাদার ‘বার্মিজ আচারের’ কদর রয়েছে পর্যটকদের কাছে। কিন্তু এ সুযোগকে কাজে লাগিয়ে খায়রুল চক্র ভেজাল আচার তৈরি করে সরবরাহ করছে।