সৈকত দখল করে রেস্তোরাঁ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীতে গড়ে উঠছে রেস্তোরাঁ  প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীতে গড়ে উঠছে রেস্তোরাঁ প্রথম আলো

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে প্রতিবেশ সংকটাপন্ন কক্সবাজার সমুদ্রসৈকতের বালুচর দখল করে গড়ে উঠছে রেস্তোরাঁ। অভিযোগ রয়েছে, এটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে সৈকত সংলগ্ন ঝাউবাগান ও সামাজিক বনায়নের গাছ।
গত বুধবার সকালে গিয়ে দেখা গেছে, সৈকতের কলাতলী এলাকায় (সার্ফিং পয়েন্টে) কাঠের রেস্তোরাঁটি তৈরি করা হচ্ছে। পরিচিতি ফলকে নাম লেখা ‘এলাম্প ক্যাফে’। টংঘরের আদলে এই রেস্তোরাঁ নির্মাণে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে ঝাউগাছ। কাঠের পাটাতনের ওপর বেড়া আর শনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে রোস্তারাঁর মূল ঘর। নির্মাণকাজও শেষ হওয়ার পথে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পরিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকতে কোনো ধরনের স্থাপনা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তা ছাড়া পরিবেশ আইনেও প্রতিবেশ সংকটাপন্ন সৈকত এলাকায় অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ করায় এলাম্প ক্যাফের পরিচালক আবদুল মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নোটিশের সন্তোষজনক জবাব দেওয়া না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে।
যোগাযোগ করা হলে রেস্তোরাঁর পরিচালক আবদুল মান্নান জানান, এই জমির মালিক ঢাকার জনৈক কাজী রেজা উল্লাহ। তাঁর কাছ থেকে জমিটি ভাড়া নিয়ে তিনি প্রায় সাত লাখ টাকা খরচ করে রেস্তোরাঁ নির্মাণ করছেন। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। আর রেস্তোরাঁ নির্মাণে লাগানো গাছ তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে কিনে নিয়েছেন। নোটিশ প্রসঙ্গে বলেন, যথাসময়ে নোটিশের জবাব দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, সমুদ্রসৈকত এলাকায় রেস্তোরাঁ নির্মাণের অনুমতি কাউকে দেওয়া হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, সমুদ্রসৈকত এলাকায় কোনো ধরনের স্থাপনা তৈরি না করার জন্য ২০১১ সালের ২২ জুন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ নিষেধাজ্ঞা জারি করেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।