হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত দখল করে হোটেল-মোটেলের জন্য বহুতল ভবন নির্মাণ অব্যাহত রয়েছে। এসব অবকাঠামোর জন্য সমুদ্রের তলদেশ থেকে যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করে জমি ভরাট ও সৈকতকে দ্বিখণ্ডিত করে বালুর রাস্তা তৈরির ফলে পরিবেশ-প্রতিবেশের ক্ষতি হচ্ছে। সমুদ্রের তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে কক্সবাজার সৈকতে পাঁচটির বেশি গুপ্তখাল সৃষ্টি হয়ে গত দুই মাসে নয়জন পর্যটকের মৃত্যু হয়েছে। বিলীন হচ্ছে কলাতলীসহ বিভিন্ন এলাকা। গত ৭ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ৩০ দিনের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের স্থায়ী-অস্থায়ী সব ধরনের স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ ছাড়া সৈকতে স্থাপনা নির্মাণ ও দখল রোধে পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নজরদারি নিশ্চিত করতে বলা হয়। ওই নির্দেশ দেওয়ার তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।সৈকতের কলাতলী পয়েন্টে গিয়ে দেখা গেছে, সমুদ্রসৈকত দখল করে সি-ওয়েভ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান লোহার খুঁটি ও পাত দিয়ে সীমানা প্রাচীর তৈরি করছে। সামনে জোয়ারের পানি ঠেকাতে সমুদ্রের তলদেশ থেকে আনা বালু দিয়ে প্রাচীরের সামনে একটি রাস্তা তৈরি করা হয়েছে। এর উত্তর পাশে ফকির গ্রুপ ও স্বপ্নীল নামের দুটি প্রতিষ্ঠান একই আদলে সৈকত দখল করে সীমানা প্রাচীর ও প্রাচীরের ভেতরে বহুতল ভবন নির্মাণ করছে। সি-ওয়েভ কর্তৃপক্ষ তৈরি করছে ১৫ তলাবিশিষ্ট আধুনিক মানের হোটেল। ফকির গ্রুপের উত্তর পাশে তৈরি হচ্ছে নয় থেকে ১৩ তলাবিশিষ্ট ‘হোটেল বে প্যারাডাইস’, ‘ডেসটিনি’, ‘টাইটানিক হোটেল’সহ বেশ কয়েকটি বহুতল ভবন। যদিও এসব তৈরির ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর বা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্র নেওয়া হয়নি। দেখা গেছে, জোয়ারের সময় পানির উচ্চতা বাড়লে ওই সব স্থাপনার সীমানা প্রাচীর পর্যন্ত ডুবে যায় এবং বিশ্বের দীর্ঘতম সৈকত দ্বিখণ্ডিত হয়ে পড়ে। সৈকত দিয়ে তখন পর্যটকের চলাচল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে ঢাকার রাজারবাগের পর্যটক আমজাদ হোসেন খান (৪৫) বলেন, ‘সংরক্ষিত সৈকত দখল করে যেভাবে বহুতল ভবন ও হোটেল-মোটেল তৈরি হচ্ছে, তাতে পুরো এলাকা ঘিঞ্জি বস্তিতে পরিণত হচ্ছে।’ সৈকত দখল প্রসঙ্গে কথা হয় সি-ওয়েভ গ্রুপের প্রকল্প কর্মকর্তা এনামুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘সাগরের পানিতেও আমাদের জমি আছে। সেই সব জমির খাজনাও আমরা পরিশোধ করে আসছি। আর একসময় বালু তোলা হলেও এখন বন্ধ রয়েছে।’ সৈকত দখল করে রাস্তা তৈরির কারণ জানতে চাইলে হোটেল বে-প্যারাডাইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বলেন, ‘যা হচ্ছে আইনের বিধিবিধান মেনেই করা হচ্ছে। এর বাইরে বলার কিছু নেই।’ যোগাযোগ করা হলে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ উপেক্ষা করে ভূমিদস্যুরা প্রশাসনের সহযোগিতায় সৈকত দখল করে স্থায়ী অবকাঠামো তৈরির পাশাপাশি সমুদ্রের তলদেশ থেকে বালু তুলে জমি ভরাট করছে। ফলে কলাতলী থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে সৃষ্টি হয়েছে পাঁচ-ছয়টি গুপ্তখাল। সমুদ্রে গোসল করতে নেমে এসব গুপ্তখালে আটকা পড়ে অনেক পর্যটকের মৃত্যু হচ্ছে।দীপক বলেন, সৈকত দখল ও বালু উত্তোলন করায় পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল গত ১৪ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় পরিবেশ আইনে হোটেল সি-ক্রাউন, বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল বে-প্যারাডাইস, কক্স টাইটানিক হোটেল, টাইটানিক ইরা, সি-ওয়েভ ও ফকির গ্রুপের বিরুদ্ধে মামলা করেছেন।মামলাটি তদন্তের জন্য পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি চট্টগ্রাম পরিবেশ আদালতে রেকর্ড করা হয়েছে এবং মামলা তদন্তের জন্য চট্টগ্রামের সহকারী পরিচালক সাইফুল আশ্রাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সৈকতের স্থাপনা উচ্ছেদ না করা প্রসঙ্গে জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সব ধরনের স্থাপনা উচ্ছেদের আগে সৈকত এলাকার সীমানা নির্ধারণের কাজ চলছে। সীমানা নির্ধারণ সম্পন্ন হলে যৌথ অভিযান চালিয়ে সব ধরনের স্থাপনা উচ্ছেদ করা হবে।পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পুলিশ সম্প্রতি একাধিকবার অভিযান চালিয়ে সৈকত ও এর পাশে ঝাউবাগান থেকে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সৈকত থেকে বালু উত্তোলন, অবৈধ দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ সৈকতে কাউকে স্থাপনা তৈরি করতে দিচ্ছে না।