সৈকতকে চারটি অঞ্চলে ভাগ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি পর্যটকের বিনোদনসুবিধা দিতে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকাকে চারটি অঞ্চলে (জোন) বিভক্ত করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।গতকাল শনিবার কক্সবাজার শহরের হোটেল শৈবালের সমেঞ্চলনকক্ষে আয়োজিত ‘কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির’ মতবিনিময় সভায় মন্ত্রী এই ঘোষণা দেন।পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, ‘এ ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করা হবে।’ সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকত চার ভাগে বিভক্ত করে সুইমিং জোন, স্পোর্টস জোন, নন-সুইমিং জোন এবং বাণিজ্যিক জোন করা হবে। কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান, পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মাকসুদুল হাসান খান, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, হোটেল ওসান প্যারাডাইসের চেয়ারম্যান এম আবদুল করিম। সভায় হোটেল লং বিচের মহাব্যবস্থাপক কামাল উদ্দিন বলেন, সম্প্রতি কক্সবাজার শহরে আশঙ্কাজনকভাবে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে গেছে। এ কারণে কক্সবাজারে পর্যটক কমে গেছে। এতে করে পর্যটন ব্যবসায় মারাত্মক ধস নেমেছে। এ সময় পর্যটন খাতে বিনিয়োগকারীরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য মন্ত্রী ফারুক খানের হস্তক্ষেপ কামনা করেন। পর্যটনমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যাপারে পুলিশ সুপার মো. আজাদ মিয়াকে দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।