সৈকতজুড়ে চিংড়িপোনা ধরার মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সৈকতজুড়ে নিষিদ্ধ জাল দিয়ে ধরা হচ্ছে চিংড়িপোনা। এতে অন্যান্য প্রজাতিরও বিপুল পরিমাণ পোনা ধ্বংস হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ-শিশু পোনা ধরার মহোৎসব চালালেও সংশ্লিষ্ট প্রশাসনের কোনো তৎপরতা নেই বললেই চলে।সরেজমিন দেখা গেছে, সৈকতের নাজিরারটেক, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট, কলাতলী, আদর্শগ্রাম, হিমছড়ি, বড়ছড়া, ইনানী, শিলখালী, মনখালী, বাহারছড়া, শাপলাপুর, জাহাজপুরা, বড়ডেইল, সাবরাং, শাহপরীর দ্বীপসহ দীর্ঘ সৈকত এলাকায় হাজার হাজার নিষিদ্ধ জাল (মশারির কাপড় দিয়ে তৈরি জাল) বসিয়ে চিংড়িপোনা ধরা হচ্ছে। কক্সবাজার চিংড়িপোনা ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মোহাম্মদ বলেন, এই মৌসুমে প্রায় এক লাখ গরিব মানুষ চিংড়িপোনা আহরণ করে জীবিকা নির্বাহ করছে। এদের অর্ধেকের বেশি মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। আয়-রোজগারের বিকল্প ব্যবস্থা না করে এদের উচ্ছেদ করাও সম্ভব নয়। সূত্র জানায়, চিংড়িপোনা ধরে অনেকে দৈনিক ৩০০ থেকে সাত হাজার টাকাও আয় করছে। প্রতিটি পোনা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ পয়সায়।শহরের সমিতিপাড়ার দিনমজুর জিয়া উদ্দিন (৪৫) বলেন, আগে জোয়ারের সময় কোমর সমান পানিতে নেমে জাল ঠেলে পোনা ধরা হতো। আর এখন জাল না ঠেলে খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়। আগে একজন একটি জাল ঠেলত, এখন একজন কয়েকটি জাল বসায়। ফলে মাথাপিছু উপার্জনও বাড়ছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় সৈকতের কলাতলী পয়েন্টের বালুচরে বসে পাত্র থেকে চিংড়িপোনা বাছাই করছিল কয়েকজন রোহিঙ্গা।এদের একজন রোহিঙ্গা নারী খুইল্যা বানু (৩৪) বলেন, ‘জালে বিভিন্ন রকমের পোনা ধরা পড়ে। আমরা শুধু চিংড়িপোনাটা নিয়ে অন্য পোনাগুলো বালুচরে ফেলে দিই। কারণ, অন্য মাছের পোনা কেউ কেনে না।’জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, সৈকত উপকূলে চিংড়িপোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। পোনা ধরা বন্ধে মৎস্য বিভাগ প্রায় সময় অভিযান পরিচালনা করে। গত বুধবারও সৈকতজুড়ে পোনা আহরণ বন্ধ রাখা সম্পর্কে প্রচারণা চালানো হয়। কিন্তু কয়েক হাজার দরিদ্র মানুষকে নিয়ন্ত্রণ করা মৎস্য বিভাগের একার পক্ষে সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত শুরু হচ্ছে মৎস্য সপ্তাহ। এ সময় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পোনা আহরণ বন্ধে উপকূলজুড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো হবে।সৈকতে কচ্ছপসহ সামুদ্রিক প্রাণী সংরক্ষণে নিয়োজিত বেসরকারি সংস্থা ‘মেরিন লাইফ অ্যালায়েন্স’-এর নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, সৈকতে পুঁতে রাখা নিষিদ্ধ জালে আটকা পড়ে প্রতিবছর শীত মৌসুমে হাজার হাজার মা কচ্ছপ মারা যায়।সৈকত থেকে অপরিকল্পিতভাবে চিংড়িপোনা ধরার ফলে কক্সবাজার, উখিয়া ও টেকনাফে ৫৪টি হ্যাচারি বন্ধের উপক্রম দেখা দিচ্ছে। হ্যাচারি মালিকদের সংগঠন ‘শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর (সেব) মহাসচিব মো. রইচ উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে সাগর থেকে চিংড়িপোনা আহরণ বন্ধ না হলে হ্যাচারিশিল্প রক্ষা করা কঠিন হয়ে পড়বে।