সৈকতসহ দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছে পর্যটকেরা
কক্সবাজার সমুদ্রসৈকতে গত শুক্রবার গভীর রাত পর্যন্ত নাচগানে মাতোয়ারা ছিল ভ্রমণে আসা পর্যটকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাখো পর্যটক ঘুরে বেড়াচ্ছে সমুদ্রসৈকত, পাহাড়, নদী, ঝরনা, মন্দির-প্যাগোডাসহ শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে। চার দিনে কক্সবাজারে প্রায় ১০ লাখ পর্যটকের আগমন ঘটে বলে হোটেল মালিকেরা দাবি করছেন। ২৯ আগস্ট পর্যন্ত আরও চার দিনে পাঁচ লাখের বেশি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের আনন্দ দিতে সৈকতে আয়োজন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক ও ব্যান্ড সংগীতানুষ্ঠানের। সৈকতের লাবণী পয়েন্টে শুক্রবার রাতে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল নাইন’ আয়োজন করে ‘ঈদ ধামাকা’ বিচ কনসার্ট। রাত ১২টা পর্যন্ত কয়েক হাজার পর্যটককে নাচগান আর আনন্দ-উল্লাসে মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, মিলা, আঁখি আলমগীর ও সাব্বির।এর আগের দিন লাবণী পয়েন্টে ঈদ উপলক্ষে ব্যান্ড সংগীতের আয়োজন করে আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট ‘কেএফসি’। কেএফসির কক্সবাজার শাখার ব্যবস্থাপক নাসির আহমদ বলেন, ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকদের অতিরিক্ত আনন্দ দিতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। লাবণী পয়েন্টে গতকাল শনিবার বিকেলে গিয়ে দেখা গেছে, পর্যটকে ভরপুর বিশাল সৈকত। অনেকে সাগরে নেমে গোসল করছে। কেউ চরে বসে ভেজা বালু দিয়ে মূর্তি, প্রতিমা, ঘরবাড়ি তৈরি করছে। অনেকে কুয়া খুঁড়ে জ্যান্ত মানুষের অর্ধেক অংশ পুঁতে আনন্দ-ফুর্তি করছে। কেউ দৌড়-ঝাঁপ দিয়ে সময় পার করছে। বিকেলের সূর্যাস্ত দেখতে মানুষের আগ্রহের যেন শেষ নেই।ঢাকার বাসাবো এলাকা থেকে আসা পঞ্চম শ্রেণীর ছাত্র মিজানুর ভেজা বালু নিয়ে সুন্দর একটি মূর্তি তৈরি করে। পর্যটকেরা মূর্তির পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছে। অনেকে মিজুনরকে উৎসাহ দিচ্ছে। মিজানুর বলে, মা-বাবা সমুদ্রে গোসলে ব্যস্ত। এই ফাঁকে সে ভেজা বালু দিয়ে মূর্তিটি বানাচ্ছে। ছবি আঁকতেও তার আগ্রহ বেশি। নোয়াখালী থেকে ভ্রমণে আসা গৃহবধূ জরিনা খাতুন বলেন, ‘সমুদ্রের টানে আমরা কক্সবাজার ছুটে আসি। সমুদ্রে নেমে গোসল আর কূলে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার শখ সব পর্যটকের।’ কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতান বলেন, ঈদের পরের দিন থেকে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। প্রতিদিন দেড়-দুই লাখ পর্যটক ভ্রমণ করছে। চার দিনে প্রায় ১০ লাখ পর্যটক সৈকত ভ্রমণে আসে। ২৯ আগস্ট পর্যন্ত আরও পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। ঢাকার চকবাজার থেকে ভ্রমণে আসা পর্যটক শাহজাহান চৌধুরী (৪৫) অভিযোগ করেন, পর্যটকের উপচে পড়া ভিড়ে হোটেল ও রেস্তোরাঁ মালিকেরা অতিরিক্ত ভাড়া ও টাকা নিচ্ছেন। ৫০০ টাকার একটি কক্ষ দেড় থেকে দুই হাজার টাকা করে আদায় করছেন। এক পিস ইলিশের দাম আদায় করা হচ্ছে দেড় শ থেকে ১৮০ টাকা। তা ছাড়া রিকশা, ব্যাটারিচালিত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ সব যানবাহনের ভাড়াও তিন গুণ বাড়িয়ে আদায় করা হচ্ছে। কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, রিকশা, টমটম ও অটোরিকশার ভাড়ার তালিকা শহরের মোড়ে মোড়ে সাইনবোর্ড আকারে টাঙিয়ে রাখা হয়েছে। অতিরিক্ত হোটেল ভাড়া নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে একাধিক দল মাঠে নেমেছে।