সৈকতে আনন্দ-উচ্ছ্বাসে প্রতিবন্ধীদের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরের গ্রাম সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন। এই ইউনিয়নের চাঁদ খুরুশকুল মডেল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেনুয়ারা আকতার (১৫)। জন্মের পর থেকে সেনুয়ারার দুই পা বিকল। দিনমজুর বাবা মোহাম্মদ হোসেনের সাধ্য নেই, মা হারা মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য একটি হুইল চেয়ার কিনে দেওয়ার। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেনুয়ারা মাটিতে হামাগুড়ি দিয়েই প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে। এরপর ভর্তি হয় এক কিলোমিটার দূরের চাঁদ খুরুশকুল মডেল হাইস্কুলে। মেয়েটির কষ্ট দেখে এগিয়ে আসেন স্থানীয় ব্র্যাক কর্মীরা। তাঁরা স্কুলে যাওয়া-আসার জন্য সেনুয়ারাকে দান করলেন একটি হুইল চেয়ার। এই চেয়ারে চড়ে সে চার বছর ধরে স্কুলে এসে লেখাপড়া চালাচ্ছে। ভালো ফলাফল করে মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। মেয়েটি গত শনিবার দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে হাজির হুইল চেয়ারটি নিয়ে। উদ্দেশ্য, অন্যদের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া। সেনুয়ারার মতো ওই দিন টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালীসহ জেলার বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক বিভিন্ন বয়সের প্রতিবন্ধী নারী-পুরুষ-শিশু হাজির হয় প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রতিবন্ধী ক্রীড়া মেলায়। প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রতিবন্ধীরা বালুচরে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, গোলক নিক্ষেপ, হা-ডু-ডুসহ নানা খেলাধুলায় অংশ নেয় এবং পুরো একটি দিন কাটায় তারা আনন্দ আর খুশির মধ্যে। তারা প্রতিবছর এ ধরনের মেলা দেখতে চায়।এই সুযোগটি সৃষ্টি করে দেয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি ক্লাব অব কক্সবাজার সৈকত’। সংগঠনের সভাপতি শারমিন রেশমিন জানান, প্রতিবন্ধীরা নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার। তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের নিয়ে কেউ ভাবে না। প্রতিবন্ধীদের মন ভালো করার জন্য ব্যতিক্রমী এই উদ্যোগটি হাতে নেওয়া হয়। সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ।