সৈকতে আবারও ভেসে আসছে মৃত শামুক-ঝিনুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলের সমুদ্রসৈকতে প্রতিদিন জোয়ারের পানিতে ভেসে আসছে মৃত শামুক-ঝিনুক। এর আগে গত মার্চের শেষের দিকে টেকনাফসহ জেলার বিভিন্ন এলাকায় সৈকতে লাখ লাখ মৃত শামুক-ঝিনুক ভেসে এসেছিল।সরেজমিনে দেখা গেছে, সমুদ্রসৈকতের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে শামলাপুর পর্যন্ত ৫৮ কিলোমিটারের বিভিন্ন স্থানে মৃত শামুক-ঝিনুক পড়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী তীরে ভেসে আসা এসব শামুক-ঝিনুক কুড়িয়ে বাসাবাড়িতে শোপিস হিসেবে ব্যবহার করছেন। পাশাপাশি ঝাড়বাতি, ছুরি, মালা, ফুলের টপ, চাবির রিং, মাথার খোঁপা, কানের দুলসহ নানা ধরনের শৌখিন বস্তু তৈরি করে পর্যটকদের কাছে বিক্রি করছেন।মহেষখালিয়াপাড়ার সৈকতসংলগ্ন এলাকার বাসিন্দা আমির হোসেন ও জেলে খোরশেদ আলম বলেন, সম্প্রতি সৈকতে অসংখ্য মৃত শামুক-ঝিনুক জোয়ারের পানিতে ভেসে আসছে। পাশাপাশি টানা জালে বিপুল পরিমাণে শামুক-ঝিনুক আটকা পড়ছে। জেলা বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু প্রথম আলোকে বলেন, গত মার্চের শেষের দিকে জেলার বিভিন্ন এলাকায় লাখ লাখ মৃত শামুক-ঝিনুক ভেসে এসেছিল। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও আবারও শামুক-ঝিনুক ভেসে আসতে শুরু করেছে। হঠাৎ ঝাঁকে ঝাঁকে শামুক-ঝিনুক ভেসে আসার পেছনে সাগরে পরিবেশগত অথবা ভূমিকম্পজনিত কোনো কারণ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ২০০২-০৩ সালের দিকেও একবার ব্যাপক হারে মৃত শামুক-ঝিনুক সাগরতীরে ভেসে এসেছিল। এরও আগে ১৯৯৮ সালের দিকে একবার সাগরের তলদেশে ভূমিকম্প হয়। তখন ব্যাপক হারে শামুক-ঝিনুকসহ সামুদ্রিক জীব সৈকতে ভেসে এসেছিল। কিন্তু চলতি শীত মৌসুমে মৃত শামুক-ঝিনুক ভেসে আসার কথা নয়। সমুদ্রে দূষণের কারণে শামুক-ঝিনুক মারা গিয়ে সেগুলো তীরে ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে।