সৈকতে উৎসবে মাতলেন লাখো পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গতকাল শুক্রবার বিকেলে সুর ও বাদ্যের তালে তালে নেচে-গেয়ে উৎসবে মেতেছিলেন লাখো পর্যটক।
তিন দিনব্যাপী ‘বিচ কার্নিভাল-২০১৬’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্যটকদের গান শোনান দেশসেরা শিল্পীরা। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠান ‘কার্নিভাল ইভেন্টস’।
বেলা সাড়ে তিনটায় উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার।
অনুষ্ঠানে বক্তব্য দেন পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান, কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সহকারী পরিচালক রায়হান কাজেমী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য লুৎফুন্নাহার প্রমুখ।
সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে বিদেশি পর্যটকদের নিয়ে আসাই এর লক্ষ্য। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে পর্যটনশিল্প হবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। আর পর্যটননির্ভর অর্থনীতির প্রধান কেন্দ্র হবে কক্সবাজার। প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কক্সবাজারকে সাজাচ্ছেন।
সাংসদ সাইমুম সরওয়ার বলেন, বিশ্বজুড়ে কক্সবাজারকে ছড়িয়ে দিতে বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পর্যটকদের সামনে লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে বিচ কার্নিভালের মতো আরও অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আলোচনা পর্ব শেষে বিকেল পাঁচটায় মঞ্চে আসেন জনপ্রিয় ব্যান্ডদল এলআরবির আইয়ুব বাচ্চু।
‘সেই তুমি’ দিয়ে আইয়ুব বাচ্চু গান শুরু করার সঙ্গে সঙ্গেই বিশাল সৈকতে লাখো পর্যটক আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এরপর একে একে তিনি গেয়ে শোনান ‘মন চাইলে মন পাবে’, ‘উড়াল দেব আকাশে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। অনুষ্ঠানে আরও গান শোনান ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও তরুণ প্রজন্মের শিল্পী লুইপা।