বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর নিয়ে প্রথম আলো-পেপসির যৌথ আয়োজন ‘চেঞ্জ দ্য গেইম রোড শো’র দ্বিতীয় দিন গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে চার পর্বের ক্রিকেট খেলে পুরস্কার জেতেন আরও ৮০ জন পর্যটক। এর আগের দিন ক্রিকেট খেলে পুরস্কার পান ৮০ জন কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও পর্যটক।বুধবার সকাল ১০টায় সৈকতের কলাতলী পয়েন্টে শুরু হয় প্রথম পর্বের খেলা। তিন বলের এই খেলায় সর্বোচ্চ ছয় রান তুলে প্রথম হন রাজশাহীর পর্যটক মকসুদ। দ্বিতীয় মামুন, তৃতীয় রুবেল, চতুর্থ কাজল ও পঞ্চম হন রনি।দুপুর ১২টায় সুগন্ধা পয়েন্টে চলে দ্বিতীয় দফার খেলা। এখানে ছয় রান তুলে প্রথম হন সুমন, দ্বিতীয় রুবেল, তৃতীয় রবিন, চতুর্থ ইলিয়াছ ও পঞ্চম হন রুদ্র। বেলা তিনটায় সৈকতের লাবণী পয়েন্টে শুরু হয় তৃতীয় পর্বের খেলা। এখানে ১০ রান তুলে প্রথম হন রাজশাহীর শহীদ, দ্বিতীয় জিসান, তৃতীয় শাহিন, চতুর্থ জুয়েল ও পঞ্চম সজীব।বিকেল সাড়ে চারটায় একই স্থানে শুরু হয় চতুর্থ পর্বের খেলা। এখানে আট রান তুলে প্রথম হন ঢাকার নূর নবী, দ্বিতীয় আনোয়ার, তৃতীয় করিম, চতুর্থ রূপম ও পঞ্চম হন সোয়েব।প্রতি পর্বে বিজয়ী পাঁচজন করে ২০ জনকে প্রথম পুরস্কার একটি ব্যাগ, দ্বিতীয় টি-শার্ট ও তৃতীয় থেকে পঞ্চম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের অটোগ্রাফ-সংবলিত ক্রিকেট ব্যাট দেওয়া হয়। এ ছাড়া প্রতি পর্বের খেলায় অংশ নেওয়া ১৫ জন করে চার পর্বে ৬০ জনকে বিশেষ পুরস্কার হিসেবে সাকিবসহ ক্রিকেট তারকাদের রঙিন পোস্টার দেওয়া হয়। খেলার শুরুতে রোড শোর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রথম আলো বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ এবং সহযোগী সদস্য শিমুল ও মনির। খেলা পরিচালনা করেন রোড শোর মনিটরিং সুপার ভাইজার শাহীন হাসান, সদস্য হাসান সোহেল, রিয়াজ ও আশীষ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার বন্ধুসভার সভাপতি বিশ্বজিত পাল, সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ অন্য সদস্যরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে রোড শোটি চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করে।