সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের সি-ইন পয়েন্টে গোসল করতে নেমে গতকাল শনিবার বিকেল তিনটার দিকে মারা গেছেন ইমতিয়াজ আহমেদ (২৫) নামে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় ছাত্র।
সৈকতে লাইফ গার্ড মো. রাশেদ বলেন, গতকাল বেলা দুইটার দিকে দুই ভাই ইমতিয়াজ ও আদনান গোসলে নামেন। আড়াইটার দিকে জোয়ারের ধাক্কায় ইমতিয়াজ ভেসে গেলে কিছুক্ষণ পর ডুবুবিরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত ইমতিয়াজের ছোট্ট ভাই আদনান আহমেদ বলেন, গত বৃহস্পতিবার সকালে তাঁরা ঢাকা থেকে সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন। গতকাল শনিবার দুপুরে তিনিসহ বড় ভাই ইমতিয়াজ সৈকতে গোসল করতে নামেন। এ সময় বিশাল ঢেউ দুজনকে ভাসিয়ে নেয়। তিনি কোনোমতে কূলে উঠতে সক্ষম হলেও বড় ভাই নিখোঁজ হন।
মৃত ইমতিয়াজ ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং দিনাজপুর সদরের মিশন রোডের বাসিন্দা গিয়াস উদ্দিন আহমদের ছেলে।