সৈকতে জেগে উঠেছে নৌকা
সমুদ্রসৈকত কুয়াকাটার পূর্বদিকে ঝাউবাগানসংলগ্ন বালুচরে জেগে উঠেছে একটি নৌকা। পর্যটকসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নৌকাটি দেখার জন্য ভিড় করছে। অনেকে নৌকার পিতলের পাতগুলো খুলে নিয়ে যাচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাগরপাড়ে বালুর মধ্যে দেবে রয়েছে একটি কাঠের নৌকা। ওপরের অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। নৌকার পুরো কাঠামোর মাত্র দুই ফুট বালুর ওপরে রয়েছে। বাকি অংশ এখনো বালুর নিচে। দৈর্ঘ্যে ৭২ ফুট ও প্রস্থে সাড়ে ২২ ফুটের নৌকাটির আদল বহু পুরোনো ও পুরোপুরি গর্জন কাঠের তৈরি। নৌকার প্রতিটি কাঠ আড়াই থেকে তিন ফুট পুরু ও একটির সঙ্গে আরেকটি জোড়া লাগানো হয়েছে দুই থেকে তিন সেন্টিমিটার পুরু পিতলের পাত দিয়ে।স্থানীয় ব্যক্তিরা বলছেন, নৌকাটি এত দিন বালুর নিচে ছিল বলে কারও নজরে পড়েনি। গত কয়েক দিনের প্রবল জোয়ারের ফলে সমুদ্রসৈকত থেকে বালু সরে যাওয়ায় হঠাৎ করে সেটি মানুষের নজরে পড়ে। কুয়াকাটার বাসিন্দা মো. বাদশা মিয়া বলেন, ‘প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে ২৫০টি রাখাইন পরিবার ১৫০টি নৌকা নিয়ে ভাসতে ভাসতে কুয়াকাটায় এসেছিল। এ নৌকাটি হয়তো ওই সময়কালের হতে পারে।’ কুয়াকাটার হোসেনপাড়া গ্রামের সেলিম আকন বলেন, ‘এইগুলা কুয়াকাটার ঐতিহ্য বহন করে। ফলে কুয়াকাটার ইতিহাস ও ঐতিহ্য হিসেবে নৌকাটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত।’নৌকাটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে কুয়াকাটার ঝাউবাগান এলাকায়। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরাও রয়েছেন। পার্শ্বদেশে কাঠের সঙ্গে আটকানো পিতলের পাতগুলো আগন্তুকদের খুলে নিতে দেখা গেছে। পাতগুলো কেউ হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে খুলছে, আবার কেউ কেউ প্লাস দিয়ে টেনে খুলে নিচ্ছে। সৈকতের মোটরসাইকেলচালক লিটন নৌকার কাছে কী যেন খুঁজছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘হুনছি কুয়াকাটায় বালির নিচে গোনে স্বর্ণের নৌকা ভাইস্যা উঠছে। হেইতে হাতাইয়া দেখছি, হেইরহম কিছু পাই কি না।’কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী বলেন, ‘আমিও শুনেছি প্রাচীন আমলের একটি নৌকা বালুর নিচ থেকে বের হয়েছে। পাহারার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে কুয়াকাটা পুলিশকে বলা হয়েছে। নৌকাটি তুলে সংরক্ষণ করা যায় কি না, তা নিয়েও আমরা চিন্তা করছি।’