সৈকতে ট্রলারডুবিতে এক জেলে নিহত, নিখোঁজ নয়জন
সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসার পথে সৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্টে ঢেউয়ের ধাক্কায় ট্রলার ডুবে এক জেলে নিহত ও চারজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও নয়জন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
নিহত জেলে মো. জোবাইরের (৪০) বাড়ি কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায়। সাগর থেকে উদ্ধার করা অন্য জেলেরা হলেন জিয়াউর রহমান, এনায়েত উল্লাহ, মো. হানিফ ও মীর কাশেমকে। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের বাড়ি সমিতিপাড়ায়।
সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, ট্রলারডুবির ঘটনায় সাগর থেকে পাঁচ জেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এর মধ্যে চিকিৎসক জোবাইরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন এনায়েত ও হানিফ জানান, সাত দিন আগে শহরের নুনিয়াছটা এলাকার কাইয়ুম সওদাগরের মাছ ধরার ট্রলার নিয়ে তাঁরা ১৪ জন জেলে সাগরে মাছ ধরতে যান। তিন দিন আগে সাগরে নিম্নচাপ শুরু হলে তাঁরা ট্রলার নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেন। গতকাল সকালে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ফিরে আসার সময় সৈকতের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্টে ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় ডুবুরিরা সাগরে নেমে তাঁদের উদ্ধার করেন। নিখোঁজ রয়েছেন জেলে ইউনুস, নূর হোসেন, রফিকসহ নয়জন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, নিখোঁজ ছেলেদের উদ্ধারে অনুসন্ধান চলছে।