সৈকতে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র জামাল হোসেনের (১২) সন্ধান গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। গত সোমবার বেলা দুইটার দিকে চাচাতো ভাই তানজিলকে (১২) নিয়ে সৈকতে নামলে গভীর সমুদ্রে ভেসে যায় সে।
জামাল হোসেন কক্সবাজার শহরের বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাড়ি শহরের আলীর জাহান (সিটি কলেজ) এলাকায়। তার বাবার নাম মো. হোসেন। তানজিল একই এলাকার নুরুল আবছারের ছেলে। সে শহরের কালুর দোকান পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও লাইফ গার্ড সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ১০-১২ জন শিক্ষার্থী সৈকতের কলাতলী পয়েন্টে নেমে ফুটবল খেলতে থাকে। বেলা পৌনে দুইটার দিকে জামাল হোসেন ও তানজিল কলাতলী পয়েন্টে সাগরে নেমে একটি টিউব নিয়ে ভাসতে থাকে। এ সময় বিশাল একটি ঢেউয়ের ধাক্কায় দুজন টিউব থেকে ছিটকে পড়ে। খবর পেয়ে সি সেইভ লাইফ গার্ডের কর্মীরা সমুদ্রে নেমে তানজিলকে উদ্ধার করলেও জামালকে পাওয়া যায়নি।
সি সেইভ লাইফ গার্ডের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও জামাল হোসেনের সন্ধান মেলেনি। সৈকতে সৃষ্ট গুপ্তখালে সে আটকা পড়ে থাকতে পারে।