সৈকতে নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ হওয়ার চার দিন পর ঢাকার কলেজছাত্র সুদীপ্ত দের (১৮) মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে মহেশখালী উপজেলার সোনাদিয়ার চর থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌবাহিনী। পরে নৌবাহিনী পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

গত মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন সুদীপ্ত দে। নৌবাহিনী, টুরিস্ট পুলিশ, দমকল বাহিনী ও সি-সেফ লাইফগার্ডের কর্মীরা এত দিন সৈকতের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েও সুদীপ্তর সন্ধান পাননি।

সুদীপ্ত দের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, মরদেহ দেখে তাঁর মা-বাবা সুদীপ্তকে শনাক্ত করেছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সুদীপ্তর লাশ বাড়ি নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুরিস্ট পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মা-বাবাসহ পরিবারের সাত সদস্য নিয়ে সুদীপ্ত সৈকত তীরের পর্যটন মোটেল লাবণীতে ওঠেন। এরপর এক বন্ধুকে নিয়ে সুদীপ্ত পাশের সি-গাল পয়েন্টে গোসলে নামেন। একপর্যায়ে ঢেউয়ের ধাক্কায় হারিয়ে যান তিনি।

সৈকতে পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত সি-সেফ লাইফগার্ডের পরিচালক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, সৈকতের কলাতলী থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে ছয়টি গুপ্ত খাল সৃষ্টি হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে এ গুপ্ত খাল সৃষ্টি হয়। পূর্ণ ভাটার সময় গুপ্ত খালগুলো দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকে। তাই সেগুলো চোখে পড়ে না। গুপ্ত খালে আটকা পড়লে ডুবুরিরাও উদ্ধার তৎপরতা চালাতে পারে না। জোয়ার-ভাটার টানে গুপ্ত খালের ভেতর থেকে অনেক সময় লাশ বের হয়ে (খালের মোহনা) সোনাদিয়া উপকূলে ভেসে ওঠে। সুদীপ্ত দের ক্ষেত্রেও তাই হয়েছে। গুপ্ত খালের পাশে গোসলে নামা নিষিদ্ধ করে লাল নিশানা ওড়ানো হলেও অনেকে তা মানছেন না।

সুদীপ্ত রাজধানীর সূত্রাপুর এলাকার খোকন চন্দ্র দের ছেলে। ঢাকার পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।